তুরস্কের ভবন ভাঙার ভিডিওকে ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পের দৃশ্য হিসেবে অসত্যভাবে প্রচার
- প্রকাশিত 2 জুলাই 2026, 12:06
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Bill MCCARTHY, এএফপি যুক্তরাষ্ট্র
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
জুন মাসের ২৪ তারিখ দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলাকে কাঁপিয়ে দেয়। এতে বহু ভবন ধসে পড়ে। দুর্যোগের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রিয়জনদের খোঁজে মরিয়া দেশটির উদ্ধারকর্মীরা। তবে সামাজিক মাধ্যমে একটি ভিডিওকে ভূমিকম্পে ভেনেজুয়েলায় ধসে পড়া একটি বহুতল ভবনের দৃশ্য হিসেবে ছড়ানো দাবিটি অসত্য। প্রকৃতপক্ষে ভিডিওটি ২০২৩ সালে অন্য একটি ভূমিকম্পের পর তুরস্কে একটি ভবন ভেঙে ফেলার সময় ধারণ করা হয়েছিল।
২৬ জুন ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “জোড়া ভূমিকম্পে একের পর এক ধ্বংসস্তূপে পরিণত হলো ভেনেজুয়েলা।”
২৪ জুন কারাকাসের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন এলাকায় এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর একই দাবিতে ভিডিওটি অন্যত্র ফেসবুকে ছড়ানো হয়।
পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পে শত শত ভবন মাটিতে ধসে পড়ে। ভূমিকম্পে উত্তরাঞ্চলীয় লা গুয়াইরা রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে (আর্কাইভ লিংক)। দ্বিতীয় কম্পনটি গত একশ বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান ২৬ জুন এএফপি-কে জানান, দেশটিতে ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে বেঁচে যাওয়া লোকজন ও উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে মৃতের সংখ্যা এখনও দ্রুত বেড়ে চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে ভেনেজুয়েলার একটি ভবন সামনের দিকে পড়ে যাওয়ার দাবিতে অনলাইনে ছড়ানো ভিডিওটি পুরনো এবং ভেনেজুয়েলার সাথে কোনো সম্পর্ক নেই।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে তুরস্কের বিভিন্ন সংবাদ ওয়েবসাইটে একই ফুটেজ বা তার স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়(আর্কাইভ লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে)। কিছু কিছু মিডিয়াতে ভবনের দৃশ্যটিকে ভিন্ন কোণ থেকেও দেখানো হয়েছে।
এসব প্রতিবেদনে ভিডিওটিকে তুরস্কের কাহরামানমারাস শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবন নিয়ন্ত্রিতভাবে ভেঙে ফেলার দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ২০২৩ সালের ১ অক্টোবর একজন প্রত্যক্ষদর্শী ধারণ করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী, ওই বছরে ৬ ফেব্রুয়ারি দেশটিতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আরও কিওয়ার্ড অনুসন্ধানে ভিডিওটির উৎস হিসেবে তুরস্কের সংবাদ সংস্থা ইহলাস নিউজ এজেন্সিকে খুঁজে পাওয়া যায়। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ভবনটি প্রত্যাশার বিপরীতে সামনের দিকে ধসে পড়ায় প্রত্যক্ষদর্শীদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়(আর্কাইভ লিংক)।
সংস্থাটি বহুতল ভবনটিকে উংগুত এলাকার বাতি শেহির পার্কের একটি ১৫-তলা ভবন হিসেবে শনাক্ত করেছে।
২০২২ সালের গুগল স্ট্রিট ভিউয়ের ছবি এই স্থানটিকে নিশ্চিত করে। তবে ২০২৫ সালে ধারণ করা ছবিতে ওই স্থানে আর ভবনটিকে দেখা যাচ্ছেনা(আর্কাইভ লিংক এখানে, এখানে এবং এখানে)।
ভূমিকম্প পরবর্তী কয়েক সপ্তাহ পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, কম্পনের ফলে প্রায় ১ লাখ ১৮ হাজার ভবন ধসে পড়েছে, জরুরি ভিত্তিতে ভেঙে ফেলার প্রয়োজন হয়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে(আর্কাইভ লিংক)।
এই দুর্যোগে তুরস্কে ৫৩ হাজার ৫০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে (আর্কাইভ লিংক)।
এএফপি ভেনেজুয়েলা সম্পর্কিত আরও অপতথ্য খণ্ডন করেছে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ