বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি নেতানিয়াহুর সমর্থনের দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি
- প্রকাশিত 29 জুন 2026, 15:36
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Bill MCCARTHY, এএফপি যুক্তরাষ্ট্র
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
বিশ্বকাপ ফুটবল ২০২৬- এ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ফুটবল দলকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্টেডিয়ামে উপস্থিত হয়ে সমর্থন দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়ানো হয়েছে। তবে দৃশ্যটি অসত্য; ছবি যাচাইকরণ টুল ওপেনএআই-র বিশ্লেষণে দেখা যায়, ছবিটি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম মাধ্যমে তৈরি করা হয়েছে। টেক্সাসের ডালাসে যেদিন ২২ জুনের ম্যাচটি অনুষ্ঠিত হয়, ঠিক সেদিন জেরুজালেমে বিভিন্ন বৈঠকে ব্যস্ত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
২৩ জুন ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “মেসিদের খেলা দেখছে নেতানিয়াহু। মুসলমানদের হত্যাকারী মুসলমানদের শত্রু সে আর্জেন্টিনার অনেক বড় ভক্ত।”
লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে পরাজিত করার পর একই দাবিতে পোস্টটি ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়। এছাড়া স্প্যানিশ, আরবি, ফারসি ও জার্মান ভাষাতেও ছবিটি ছড়াতে দেখা যায়। ওই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে ফুটবলের মহাতারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড করেন(আর্কাইভ লিংক)। ম্যাচের ফলাফল লা আলবিসেলেস্তেদের টুর্নামেন্টের নকআউট পর্বেও নিয়ে যায়।
আর্জেন্টিনা লাতিন আমেরিকার বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল। দেশটিতে প্রায় ৩ লাখ ইহুদি বাস করেন, যাদের অধিকাংশই রাজধানী বুয়েনস আইরেসে বসবাস করেন(আর্কাইভ লিংক)।
২০২৩ সালে হাভিয়ের মিলেই দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিতি লাভ করেছে। ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতার অংশ হিসেবে লিবারটেরিয়ান মতাদর্শের এই প্রেসিডেন্ট আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে সমর্থন জানিয়েছেন এবং ইসরায়েল ও লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তথাকথিত ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এ স্বাক্ষর করেছেন(আর্কাইভ লিংক এখানে, এখানে এবং এখানে)।
ফিলিস্তিন-পন্থী আন্দোলনকারীদের চাপের মুখে ২০১৮ সালে একটি ম্যাচ বাতিল হওয়ার পর, পরের বছর তেল আবিবে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করেছিল ইসরায়েল (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
ফুটবল কূটনীতির ক্ষেত্রে দেশটির জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেসিকেও দেখা গিয়েছে। ২০১৩ সালে তৎকালীন ক্লাব বার্সেলোনার হয়ে বহুল আলোচিত ইসরায়েল সফরের সময় তাঁকে ‘ওয়েস্টার্ন ওয়াল’-এর সামনে ছবি তুলতে দেখা যায়(আর্কাইভ লিংক)। প্যারিস সেন্ট-জার্মেইনের খেলোয়াড় থাকাকালীন তিনি সেই দেশেও খেলেছিলেন(আর্কাইভ লিংক)।
টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী, একটি জরিপে দেখা যায় যে, ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে আগ্রহী ইসরায়েলিরা অন্য যেকোনো দলের চেয়ে আর্জেন্টিনাকে বেশি সমর্থন দিচ্ছেন(আর্কাইভ লিংক)।
তবে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরা নেয়ানিয়াহুর অনলাইনে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি।
ছবি যাচাইকরণ টুল ওপেনএআই অসত্য ছবিটিতে এআই দিয়ে তৈরি কন্টেন্টে গুগল থেকে সমন্বিত অদৃশ্য জলছাপ সিন্থআইডির উপস্থিতি শনাক্ত করেছে। গুগল তাদের প্ল্যাটফর্মে তৈরি এআই-জেনারেটেড মিডিয়াতে বিভিন্ন সংকেত যুক্ত করার কাজে এটি ব্যবহার করে থাকে(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
এটি নির্ধারণ করেছে যে ছবিটি “ওপেনএআই-এর টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে।”
ইনভিডউইভেরিফাই টুলকিটের সিন্থেটিক ইমেজ ডিটেক্টরটিও একইভাবে “ছবিটি কৃত্রিম বা সিন্থেটিক হওয়ার বিষয়ে জোরালো প্রমাণ” খুঁজে পেয়েছে।
আর্জেন্টিনা-অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি ২০২৬ সালের ২২ জুন তারিখে টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত হয়।
নেতানিয়াহুর সামাজিক মাধ্যম অনুযায়ী, সেদিন জেরুজালেমে বসনিয়ান সার্ব রাজনীতিবিদ জেলকা সিভিয়ানোভিচের সঙ্গে বৈঠকসহ নেতানিয়াহু বেশ কয়েকটি বৈঠক করেন(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)। আগের দিন তিনি জেরুজালেমেই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন(আর্কাইভ লিংক)।
এএফপি বিশ্বকাপ নিয়ে অন্যান্য অপতথ্য খণ্ডন করেছে এখানে, এখানে এবং এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ