চীনের সেনাবাহিনীর সামনে ভারতের সীমান্তরক্ষী সেনাদের কান ধরে ওঠবস করার ভিডিওটি এআই দিয়ে তৈরি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে ভারতের পরিবর্তে মালয়েশিয়া হয়ে চীন ভ্রমণ করেন তারেক রহমান। এ সময় চীনা বাহিনীর কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্যের আত্মসমর্পণের অসত্য দাবিতে বিভিন্ন পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি একটি ভিডিও ছড়ানো হয়। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটিতে এমন কিছু ত্রুটি দেখা যায়, যা ভিডিওটিকে এআই দিয়ে তৈরির ইঙ্গিত দেয়। এছাড়া ভারতীয় সৈন্যদের আত্মসমর্পণের অসত্য দাবির সপক্ষে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদনও পাওয়া যায়নি।

১ জুলাই ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “এবার চীনের সেনাদের সামনে কান ধরে ওঠবস করছে ভারতীয় ২ সৈন্য! ভিডিও ভাইরাল।” 

২২ সেকেন্ডের ভিডিওতে চীনা সেনাদের কড়া নজরদারির মধ্যে দুজন ভারতীয় সেনাকে কান ধরে ওঠবস করতে দেখা যায়। ভিডিওটি দুই হাজারেরও বেশিবার শেয়ার করা হয়েছে।

Image
এএফপির যোগ করা ক্রস চিহ্ন ও এআই প্রতীকসহ ১৬ জুলাই ২০২৬ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে প্রতিবেশী দেশ ভারতের পরিবর্তে মালয়েশিয়া ও চীন ভ্রমণের পর ভিডিওটি ছড়াতে দেখা যায়(আর্কাইভ লিংক)।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নয়াদিল্লির মিত্র ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। 

নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের সম্পর্কের কিছুটা উন্নতি হলেও, এখনও কিছু ক্ষেত্রে টানাপোড়েন রয়ে গেছে।

অবৈধ অভিবাসী দাবি করে ভারত ভূখন্ড থেকে হাজার হাজার মানুষকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর মত ঘটনার কারণে দুই দেশের সীমান্ত এলাকায়ও সম্পর্কের অবনতি ঘটেছে। 

ভিডিওটি একই দাবিতে অন্যত্র ফেসবুকে ছড়ানো হয়েছে। 

২০২০ সালের জুন মাসে হিমালয় অঞ্চলে চীন ও ভারতের বিতর্কিত সীমান্তে এক সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও অন্তত চারজন চীনা সৈন্য নিহত হয়। তবে সম্প্রতি নতুন কোনো সংঘাতের, বা ভারতীয় বিএসএফ সদস্যদের আত্মসমর্পণের কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি(আর্কাইভ লিংক)।

অসত্য দাবিতে ছড়ানো ভিডিওটির গভীর পর্যবেক্ষণে এমন কিছু দৃশ্যগত ত্রুটি চোখে পড়ে, যা ভিডিওটিকে এআই দিয়ে তৈরির ইঙ্গিত দেয়। 

ভিডিওতে ভারতীয় সৈন্যদের মুখের গড়ন ও চুলের ধরন হুবহু একই রকম দেখা যায়। একইভাবে চীনা সৈন্যদেরকেও একে অপরের হুবহু প্রতিরূপ বলে মনে হয় এবং তাদেরকে তাল মিলিয়ে নড়াচড়া করতে দেখা যায়। এছাড়া চীনা সৈন্যদের মধ্যে একজনের পোশাকে চীনা পতাকার প্রতীক দেখা যায়নি। 

তাছাড়া, ভিডিওর দৃশ্যের সাথে অডিওটি সামঞ্জস্যপূর্ণ নয়। 

Image
এএফপি কর্তৃক দৃশ্যগত ত্রুটি হাইলাইট করে অসত্য ভিডিওটির স্ক্রিনশট

এআই ছবি ও ভিডিও শনাক্তকরণ টুল হাইভ মডারেশন ব্যবহার করে ভিডিওটির এক বিশ্লেষণে দেখা যায়, এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরির কন্টেন্ট রয়েছে(আর্কাইভ লিংক)। 

Image
এএফপির যোগ করা এআই ডিসক্লেইমারসহ হাইভ ডিটেকশন টুলের ফলাফলের স্ক্রিনশট

এএফপি এর আগে চীন-ভারত সীমান্তে উত্তেজনা নিয়ে অন্যান্য বিভ্রান্তিকর দাবিও খণ্ডন করেছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ