পদক গ্রহণকালে লামিনে ইয়ামাল ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত না মেলানোর দাবিটি অসত্য

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর পদক বিতরণ অনুষ্ঠানে স্পেনের তারকা লামিনে ইয়ামাল ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মেলানো এড়িয়ে যাননি। যদিও সামাজিক মাধ্যমের পোস্টে বিপরীত ভাবে দাবি করা হয়েছে যে, ফিলিস্তিনের প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কারণে ওই খেলোয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এড়িয়ে গেছেন। প্রমাণ হিসেবে পোস্টে ট্রাম্প ও লামিনের আলাপচারিতার একটি ভিডিও তুলে ধরা হয়েছে, যা লামিনের পেছন দিক থেকে ধারণ করার কারণে ট্রাম্প ক্যামেরায় আংশিকভাবে আড়ালে পড়েন। তবে ম্যাচ পরবর্তী অনুষ্ঠান নিয়ে এএফপির প্রকাশিত ছবি ও ফুটেজে তাদের দুজনকে হাত মেলাতে দেখা যায়। 

২০ জুলাই ২০২৬ তারিখে ছড়ানো একটি ইউটিউব ভিডিওর শিরোনামে বলা হয়, “ট্রাম্পের সাথে হাত মেলাননি লামিনে ইয়ামাল। এড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে।”

ভিডিওতে স্পেনের ১৯ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালকে বিশ্বকাপ বিজয়ী পদক গ্রহণ করতে যেতে দেখা যায়। গলায় পদকটি পরিয়ে দেয়ার সময় ইয়ামাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ক্ষণিকের জন্য থামার আগে প্রথমে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ভিডিওটি ৩ লাখ ৩৪ হাজারের বেশি ভিউ হয়েছে। 

ভিডিওতে জুড়ে দেয়া বক্তব্যে বলা হয়,  ইয়ামাল ট্রাম্পের সাথে হাত মেলাননি। “ফিলিস্তিনের প্রতি ট্রাম্পের বৈদেশিক নীতির” কারণে ইয়ামাল তাকে এড়িয়ে গেছেন বলে জুড়ে দেয়া বক্তব্যে ধারণা করা হয়। 

Image
এএফপির যোগ করা লাল ক্রস চিহ্নসহ ২২ জুলাই ২০২৬ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের ১-০ গোলের জয়ের পর ক্লিপটি একই ধরনের ইউটিউবফেসবুক পোস্টে ছড়ানো হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট লাল জার্সির জন্য পরিচিত ‘লা রোজা’ তথা স্পেন ফুটবল টিমের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন(আর্কাইভ লিংক)।

ভিডিওতে একজন মন্তব্য করেন, “লামিনে ইয়ামাল ১০০ ভাগ সঠিক কাজ করেছে।” অন্য একজন লিখেন, “ধন্যবাদ স্পেন ধন্যবাদ ইয়ামাল।” 

ফিলিস্তিনের জনগণের প্রতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে জোরালো সমর্থন রয়েছে। গত জুলাইয়ে “ফিলিস্তিনের জনগণের বৈধ অধিকারের এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি” পুনর্ব্যক্ত করেছে সরকার(আর্কাইভ লিংক)।

অতীতে ফিলিস্তিনের জনগণের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে ইয়ামাল। অতি সম্প্রতি মে মাসে ক্লাব পর্যায়ে বার্সেলোনার শিরোপা উদযাপনের সময় ছাদ খোলা বাসে ফিলিস্তিনের পতাকা  উড়িয়ে সমর্থন জানায় তিনি(আর্কাইভ লিংক)।

অন্যদিকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দেশটিকে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে ট্রাম্প। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে এই অভিযান পরিচালনা করছে ইহুদি রাষ্ট্রটি(আর্কাইভ লিংক)।

তবে ট্রাম্পকে অস্পষ্ট দেখানো ভিডিওটি দিয়ে ইয়ামাল ট্রাম্পের সাথে হাত মেলানো এড়িয়ে গেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিটি অসত্য। 

অসত্যভাবে ছড়ানো ভিডিওটির চেয়ে ভিন্ন কোণ থেকে ধারণ করা এএফপির একাধিক ছবিতে বিজয়ী পদক গ্রহণের সময় ইয়ামাল এবং ট্রাম্প একে অন্যের সাথে হাত মেলান। 

Image
১৯ জুলাই ২০২৬ তারিখে বিশ্বকাপ ফাইনালের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের লামিনে ইয়ামালকে অভিনন্দন জানান। (AFP / Mandel NGAN)

এছাড়া, গুগলে কিওয়ার্ড সার্চে একই ধরনের ফুটেজ হোয়াইট হাউজ এবং ফক্স স্পোর্টসের ভেরিফাইড ইউটিউব চ্যানেল পাওয়া যায়, যেখানে তাদের দুজনকে হাত মেলাতে দেখা যায়(আর্কাইভ  এখানেএখানে)।

এর আগেও বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে ছড়ানো অপতথ্য খণ্ডন করেছে এএফপি।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ