শরিয়া আইনের বিরুদ্ধে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বক্তব্যের ভিডিওটি এআই দিয়ে তৈরি
- প্রকাশিত 28 জুলাই 2026, 12:59
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Sachin BAGHEL, AFP ইন্ডিয়া
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB, AFP বাংলাদেশ
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতঃপূর্বে ইসলামি সংস্কৃতি এবং ইউরোপীয় অধিকার ও মূল্যবোধের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে কথা বলেছেন। তবে ইতালিতে শরিয়া আইন কার্যকর হতে দেবেন না বলে অনলাইনে ছড়ানো তাঁর বক্তব্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মাৎর্সের সাথে যৌথ সংবাদ সম্মেলনের সময় তোলা একটি ছবি থেকে ক্লিপটি তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে। সেই সংবাদ সম্মেলনের ফুটেজ পর্যালোচনা করলে এআই দিয়ে তৈরি ভিডিওতে বেশ কিছু ত্রুটি পাওয়া যায়। এসব ত্রুটির মধ্যে একটি হলো, ওই অনুষ্ঠানে মেলোনি ইংরেজি ভাষায় কথা বলেননি।
ফেসবুকে ৯ জুলাই ২০২৬ তারিখে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “জর্জিয়া মেলোনি বলেছেন: আমরা ইতালিতে শরিয়া আইন বাস্তবায়ন করতে দেব না। আমি জর্জিয়া মেলোনি। আমি একজন খ্রিস্টান। আমি ইতালির কন্যা।”
১০ সেকেন্ডের ভিডিওটিতে ইতালির প্রধানমন্ত্রীকে জার্মানি ও ইতালির পতাকাযুক্ত একটি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে ইংরেজি ভাষায় বক্তব্য দিতে দেখা যায়।
ভিডিওটি একই দাবিতে ফেসবুকে অন্যত্র ছড়াতে দেখা যায়।
যদিও মেলোনি এর আগে ইসলামি সংস্কৃতির কিছু নির্দিষ্ট ব্যাখ্যা এবং ইউরোপীয় সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে “সামঞ্জস্যের সমস্যা” থাকার কথা বলেছিলেন, কিন্তু অনলাইনে ছড়ানো ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির প্রথম দিকের ফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে মেলোনির হুবহু একটি ছবিসহ ২৩ জানুয়ারিতে প্রকাশিত একটি রিপোর্ট পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
ইউরোপিয়ান প্রেসফটো এজেন্সির (ইপিএ) বরাতে ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, “ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে ইতালির রোমের ভিলা ডোরিয়া পামফিলজ-এ ইতালি ও জার্মানির মধ্যকার আন্তঃসরকার সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মাৎর্সের সাথে এক সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন।”
ছবিটি ইপিএ-এর ওয়েবসাইটেও রয়েছে(আর্কাইভ লিংক)।
আরও কিওয়ার্ড অনুসন্ধানে ২৩ জানুয়ারি ইতালি সরকারের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত যৌথ সংবাদ সম্মেলনের একটি ভিডিও পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
ইপিএ-র ছবিটির সাথে ইউটিউব ভিডিওটির ২০ মিনিট ১৫ সেকেন্ডর ফুটেজের সাথে মিল পাওয়া যায়।
পুরো ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, মেলোনি সম্পূর্ণ ইতালীয় ভাষায় কথা বলছেন—ইংরেজি ভাষায় নয়। এছাড়া মেলোনির কানের দুলটি অসত্য ক্লিপের দুলের চেয়ে আলাদা এবং পোডিয়াম থেকে কোনো কালো তার বেরিয়ে থাকতে দেখা যায়নি।
একই সাথে অসত্য ভিডিওটির নিচের ডান কোণে ‘গ্রক এআই’ চ্যাটবটের জলছাপও দেখা যায়।
ভেরিফিকেশন প্লাগিনে থাকা ভয়েস ক্লোনিং শনাক্তকরণ টুল হিয়া ব্যবহার করে অসত্য ভিডিওটির অডিও বিশ্লেষণে দেখা যায়, এটি “খুব সম্ভবত এআই দিয়ে তৈরি”(আর্কাইভ লিংক)।
এএফপি এর আগেও মেলোনিকে নিয়ে এআই-নির্ভর অসত্য দাবি খণ্ডন করেছে। ইতালির প্রধানমন্ত্রী নিজেও এআই-নির্মিত ছবির তীব্র নিন্দা করেছেন এবং এই ধরনের ডিপফেককে একটি "বিপজ্জনক হাতিয়ার" বলে অভিহিত করেছেন(আর্কাইভ লিংক)।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ