মাল্টায় আতশবাজির কারখানার দুর্ঘটনার ভিডিওকে ইসরাইলের অস্ত্রাগারে বিস্ফোরণের দৃশ্য হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 16 জুন 2026, 12:18
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Livia LIU
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
জুন ২০২৬ এর শুরুতে মিসাইল ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি আরও চাপে পড়ে। তবে অনলাইন পোস্টে ছড়ানো বিশাল বিস্ফোরণের ফুটেজটির সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোনও সম্পর্ক নেই। ফুটেজটি ইসরায়েলের কোনও সামরিক অস্ত্র কারখানায় বিস্ফোরণের নয়। প্রকৃতপক্ষে ফুটেজটি ১ জুন মাল্টার একটি আতশবাজির কারখানায় ঘটা বিস্ফোরণের।
১ জুন ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠলো ইসরায়েলের একটি সামরিক সমরাস্ত্র কারখানা”।
ভিডিওতে একটি বিশাল বিস্ফোরণ থেকে বাতাসে ধোঁয়ার এক বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখা যায়।
অনুরূপ দাবিতে ভিডিওটি ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়।
নতুন করে হামলার ফলে মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি যখন আরও চাপে পড়ে, তখন অসত্য পোস্টটি অনলাইনে ছড়ানো হয়। যদিও যুদ্ধবিরতির ঘোষণা মার্কিন-ইসরায়েলের বোমাবর্ষণের মাধ্যমে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে কিছুটা ছেদ ঘটিয়েছিল(আর্কাইভ লিংক)।
১ জুন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন ড্রোন ভূপাতিত করাসহ ইরানের ‘আক্রমণাত্মক কর্মকাণ্ডের’ জবাবে তারা দেশেটির ওপর হামলা চালিয়েছে(আর্কাইভ লিংক)।
এছাড়া, ৩ জুন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এতে একজন নিহত হন এবং ৬০ জনের বেশি আহত হন (আর্কাইভ লিংক)।
তবে ইরানের রেভল্যুশনারি গার্ড ওই হামলার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, “ত্রুটির কারণে মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়ে বিমানবন্দরের টার্মিনালে আছড়ে পড়ে।”
আদতে অনলাইনে ছড়ানো ফুটেজটি মাল্টায় এক বিস্ফোরণের ঘটনার।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ফুটেজটি মাল্টার তা' লর্ডেস আতশবাজি কারখানায় ১ জুনে ঘটে যাওয়া এক বিস্ফোরণের বিষয়ে একাধিক সংবাদমাধ্যম প্রকাশ করে (আর্কাইভ লিংক এখানে, এখানে এবং এখানে)।
ভূমধ্যসাগরীয় দ্বীপটির উত্তরাঞ্চলের মাঘতাব এলাকায় ধারণ করা ভিডিওটি টাইমস অফ মাল্টা এবং মাল্টা টুডে পত্রিকাও প্রকাশ করে(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় কারখানার কোনও অনুমোদিত কর্মী ঘটনাস্থলে ছিলেন না। তবে কাছাকাছি মাঠে থাকা দুই ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
সংবাদ সংস্থা এএফপিও একই দিন ওই বিস্ফোরণের ছবি প্রকাশ করেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কিত অপতথ্য নিয়ে এএফপির আরও প্রতিবেদন পাওয়া যাবে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ