ইরানি জাহাজে হামলার পুরনো ভিডিওকে হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের ওপর গুলির ঘটনা হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 29 এপ্রিল 2026, 13:05
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Hawon Jung, এএফপি দক্ষিণ কোরিয়া
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
২০২৬ সালের এপ্রিলে হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর ঘটনায় ইরানের কাছে প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। তবে অনলাইনে ছড়ানো ফুটেজটি আক্রমণের শিকার ভারতীয় জাহাজের নয়। ভিডিওটি কয়েক সপ্তাহ আগের এবং তখনকার সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদন অনুয়ায়ী, ভিডিওটি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার লেঙ্গেহ-তে একটি ইরানি জাহাজের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনার।
১৯ এপ্রিল ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “ইরানের হামলায় দাউদাউ করে জ্বলছে ভারতের তেলবাহী জাহাজ!”
পোস্টের সাথে যুক্ত ১৮ সেকেন্ডের একটি ক্লিপে দুটি বিশাল জাহাজ পাশাপাশি চলার সময় একটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটতে এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়।
হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে 'গুলি নিক্ষেপের’ ঘটনার প্রতিবাদ জানাতে নয়াদিল্লি ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পর ফুটেজটি একই দাবিতে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ছড়ানো হয়।
১৮ এপ্রিল এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর গুরুতর ঘটনায়” উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি ভারতগামী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন(আর্কাইভ লিংক)।
সমুদ্রগামী জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্রাকারস ডট কম এক এক্স পোস্টে জানায়, “দুটি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী থেকে পশ্চিমে ফিরে যেতে বাধ্য করেছে” ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর(আইআরজিসি)(আর্কাইভ লিংক)।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি জানিয়েছে, জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়নি(আর্কাইভ লিংক)।
এএফপির সংকলিত তথ্য অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টাপাল্টি অবরোধের কারণে ১৮ এপ্রিল থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রবলভাবে কমে গেছে এবং একই সাথে জাহাজের নিরাপত্তা সংক্রান্ত ঘটনাও বহুগুণে বেড়ে গেছে(আর্কাইভ লিংক)।
কিন্তু ভিডিওটি ভারতীয় জাহাজের ওপর গুলি নিক্ষেপের ঘটনার নয়।
ইরানি যুদ্ধজাহাজ
ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম আল-আরাবিয়ায় ৯ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যেখানে একই বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আক্রান্ত একটি ইরানি জাহাজ (আর্কাইভ লিংক)।
এএফপিও একই দৃশ্যের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের হরমোজগান প্রদেশের বন্দরনগরী বান্দার লেঙ্গেহ-এর কাছে একটি জাহাজের ওপর হামলার দৃশ্য।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কিত অপতথ্য নিয়ে এএফপির আরও প্রতিবেদন পাওয়া যাবে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ