জর্জিয়া মেলোনির এআই নির্মিত ভিডিও দিয়ে ইতালি ও ইসরায়েলের মধ্যকার টানাপোড়েনকে অতিরঞ্জন করা হয়েছে
- প্রকাশিত 18 মে 2026, 14:38
- 4 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Ayesha MIRZA, Akshita KUMARI, এএফপি পাকিস্তান, এএফপি ইন্ডিয়া
- অনুবাদ এবং অভিযোজন এএফপি বাংলাদেশ
গত এপ্রিল মাসে ইসরায়েলের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে তিনি ইসরায়েলের সাথে সব চুক্তি বাতিল করেছেন এবং নেতানিয়াহুর সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন বলে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অনলাইনে ছড়ানো ক্লিপগুলোতে এমন কিছু দৃশ্যগত ত্রুটি ও অসংগতি রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির ইঙ্গিত দেয়। এছাড়া ইতালি ইসরায়েলের সাথে সব চুক্তি বাতিল করেছে কিংবা মেলোনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন বলে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি।
ফেসবুকে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “শরীরে ফিলিস্তিনের পোশাক জড়িয়ে নেতানিয়াহুর খুব কাছাকাছি ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি, নেতানিয়াহু সাক্ষাতের জন্য নিজের হাত বাড়িয়ে দেন, কিন্তু নেতানিয়াহুর সঙ্গে হাত না মিলিয়েই স্থান ত্যাগ করেন ম্যালোনি।”
পোস্টের সাথে যুক্ত ছবিতে কাঁধে ফিলিস্তিনের পতাকা জড়িয়ে মেলোনিকে নেতানিয়াহুর খুব কাছাকাছি দাঁড়ানো অবস্থায় দেখা যায় এবং নেতানিয়াহুকে মেলোনির দিকে হাত বাড়িয়ে দিতে দেখা যায়।
এর আগে ২৪ এপ্রিল ফেসবুকে ছড়ানো অপর একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সাথে করা সকল চুক্তিপত্র ছুড়ে ফেলেছেন। ৫৬ টি ইসলামি রাষ্ট্রের রাষ্ট্র প্রধানের চেয়ে এই মহিলার হিম্মত অনেক বেশি।”
ভিডিওতে এক স্তূপ কাগজ ছুড়ে ফেলে গজগজ করতে করতে বেরিয়ে যাওয়ার আগে মেলোনিকে একটি কক্ষে প্রতিনিধিদের ভিড়ে ক্ষুব্ধ কণ্ঠে কথা বলতে দেখা যায়।
নেতানিয়াহুর সাথে হাত না মেলানোর দাবিতে একই দৃশ্য অন্যত্র ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ছড়ানো হয়। এছাড়া ইসরায়েলের সাথে সব চুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় ভিডিওটিও ফেসবুকে এখানে ছড়ানো হয়।
১৪ এপ্রিল ইসরায়েলের সাথে দেশটির সামরিক সরঞ্জাম বিনিময় এবং প্রযুক্তি গবেষণা সংক্রান্ত চুক্তি স্থগিত করার ঘোষণা দেন মেলোনি। ওই ঘোষণার পর ক্লিপগুলো সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করে (আর্কাইভ লিংক)।
চুক্তি স্থগিতের জবাবে এক প্রতিক্রিয়ায় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, “চুক্তিটি ইসরায়েলের নিরাপত্তাকে প্রভাবিত করবে না”(আর্কাইভ লিংক)।
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ইতালির একটি বহরের ওপর সতর্কতামূলক গুলি নিক্ষেপের অভিযোগ তোলা হয়। ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ২ মার্চ ২০২৬ তারিখ থেকে হিজবুল্লাহ তাঁর পৃষ্ঠপোষক ইরানের সমর্থনে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে লিপ্ত দেওয়ার পর ইসরায়েল সমগ্র লেবানন জুড়ে বিমান হামলা চালিয়েছে এবং দেশটির দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশ করেছে(আর্কাইভ লিংক)।
কিন্তু মে মাসের ১০ তারিখ পর্যন্ত ইতালির পক্ষ থেকে ইসরায়েলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার কিংবা ২০২৬ সালে নেতানিয়াহুর সাথে একই জাতিসংঘ বৈঠকে মেলোনির যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। এমন কী ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে করমর্দন করতে অস্বীকৃতির বিষয়েও কোনো আনুষ্ঠানি প্রতিবেদন পাওয়া যায়নি।
অন্যান্য বিদ্যমান চুক্তি
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতালি ও ইসরায়েলের মধ্যে ২৭টি চুক্তি রয়েছে, যা ২০২৬ সালেও বহাল থাকবে(আর্কাইভ লিংক)।
জার্মানির পাশাপাশি ইতালিও ২১ এপ্রিল ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি সহযোগিতা চুক্তি স্থগিত করার আহ্বান প্রত্যাখ্যান করেছে (আর্কাইভ লিংক)।
এআই দিয়ে তৈরি দৃশ্য
অনলাইনে ছড়ানো দুটি ভিডিওতে বেশ কিছু দৃশ্যগত ত্রুটি রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ইঙ্গিত দেয়।
প্রথম ভিডিওটিতে মেলোনির স্কার্ফের বাম দিকের অংশে কালো, লাল ও সাদা রঙ দেখা যায়; কিন্তু তিনি যখন ঘুরে দাঁড়ান তখন সেটি লাল, সাদা ও সবুজ রঙে পরিবর্তিত হয়ে যায়।
মেলোনির স্কার্ফের লেখাটি দেখতে আরবি মনে হলেও মধ্যপ্রাচ্য বিষয়ক এএফপি-র একজন আরবি ভাষাভাষী সাংবাদিক জানিয়েছেন যে, লেখাটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অর্থহীন প্রলাপ।কারণ লেখাটির কোনো অনুবাদ হয় না এবং প্রকৃত কোনো অর্থ নেই।
দ্বিতীয় ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে এএফপির বিতরণ করা একই ধরনের একটি ছবি পাওয়া যায়।
ছবির ক্যাপশনে বলা হয়, ২০২৩ সালের নভেম্বর মাসে যুক্তরাজ্যে আয়োজিত এআই সেফটি সামিটের একটি প্লেনারি সেশনে মেলোনি (আর্কাইভ লিংক)।
এআই-র সহায়তায় ছবিটি থেকে অসত্যভাবে ছড়ানো ভিডিওটি অ্যানিমেট করা হয়েছে বলে মনে হচ্ছে।
ছবিতে মেলোনির বাঁ হাতের কব্জিতে একটি লাল ও সবুজ ব্রেসলেট ছিল। কিন্তু অসত্যভাবে ছড়ানো ভিডিওতে তাঁকে একটি বাদামি ঘড়ি পরিহিত অবস্থায় দেখা যায়।
অসত্যভাবে ছড়ানো ক্লিপে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় ইতালির প্রধানমন্ত্রীর হাতগুলো তাঁর স্যুটের মতোই ধূসর রঙ ধারণ করতে দেখা যায়।
বাফেলো বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ডিপফেকওমিটার টুলের মাধ্যমে এএফপি ভিডিওটি যাচাই করেছে। টুলের তিনটি শনাক্তকরণ মডেল অনুযায়ী ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরির সম্ভাবনা রয়েছে(আর্কাইভ লিংক)।
৫ মে ২০২৬ তারিখে ম্যালোনি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নিজের অসত্য়া ছবিগুলোর তীব্র সমালোচনা করেন বলেন, ‘ডিপফেক’ একটি “বিপজ্জনক হাতিয়ার, যা যেকোনো ব্যক্তির ক্ষতি করতে পারে (আর্কাইভ লিংক)। বিশ্ব জুড়ে নারী রাজনীতিবিদরা ক্রমবর্ধমান হারে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক পর্নোগ্রাফি বা যৌনতানির্ভর ছবির শিকার হচ্ছেন।
এএফপি এর আগেও ইতালির প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছড়ানো অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ