পেট্রল পাম্পে ঘুমন্ত বাংলাদেশি মোটরসাইকেল আরোহীদের ছবিগুলো এআই দিয়ে তৈরি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। এতে আমদানি করা তেলের ওপর নির্ভরশীল বাংলাদেশে জ্বালানি সরবরাহ সংকুচিত হয়েছে। কিন্তু পেট্রল পাম্পে দীর্ঘ লাইনে গাড়িচালকদের ঘুমানোর দাবিতে অনলাইনে ছড়ানো ছবিগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। দেশের বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেলেও, সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিগুলোতে অসংখ্য দৃশ্যগত ত্রুটি রয়েছে, যা এআই দিয়ে তৈরি হওয়ার সুস্পষ্ট লক্ষণ। 

ফেসবুকে ২৯ মার্চ ২০২৬ তারিখে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “গভীর রাতের তেল আসার সংবাদ পেয়ে শত শত বাইকের সিরিয়াল, বলেছে তেল আসতে এখনো ৩-৪ ঘন্টা সময় লাগবে। তাই ফিলিং স্টেশনেই অনেকেই ঘুমিয়ে পড়েছে।” 

একটি ছবিতে পেট্রল পাম্পের সামনে কয়েক ডজন মোটরসাইকেলকে সারিবদ্ধভাবে পার্ক করা অবস্থায় এবং কাছেই অন্য মোটরসাইকেল চালকদেরকে বাইকের উপরেই মশারি টানিয়ে ঘুমানো অবস্থায় দেখা যায়।  

Image
এএফপির যোগ করা ক্রস চিহ্ন ও এআই প্রতীকসহ ৩ এপ্রিল ২০২৬ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

জ্বালানির জন্য অপেক্ষা করতে করতে চালকরা ঘুমিয়ে পড়েন দাবি করে একই ধরনের আরও দুইটি ছবি ফেসবুকে ছড়িয়েছে। 

Image
এএফপির যোগ করা ক্রস চিহ্ন এবং প্রতীকসহ ৩ এপ্রিল ২০২৬ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

২৮ ফেব্রুয়ারি থেকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেয়। তখন থেকে পোস্টগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই প্রণালী দিয়েই সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হয়। 

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বাংলাদেশেও জ্বালানির ঘাটতি ও দাম বেড়েছে। দেশটি তার তেল ও গ্যাসের ৯৫ শতাংশই আমদানি করে থাকে। 

কিন্তু অনলাইনে ছড়ানো ছবিগুলো ফুয়েল পাম্পের বাস্তব চিত্রের নয়।

ছড়ানো ছবিগুলো বিশ্লেষণে এমন কিছু দৃশ্যগত ত্রুটি দেখা যায়, যা ছবিগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির ইঙ্গিত দেয়। 

অসত্যভাবে ছড়ানো প্রথম ছবিটিতে বাংলা সাইনবোর্ডের লেখার একটি অংশ বিকৃত দেখা যায়। এছাড়া পাম্পের কর্মীদের  হাত-পা ও গাড়িচালকদের মুখ অদৃশ্য কিংবা বিকৃত দেখায়।

Image
দৃশ্যগত অসঙ্গতি চিহ্নিত করে এএফপির যোগ করা এআই প্রতীকসহ প্রথম ছবির স্ক্রিনশট

রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের(বিপিসি) সচিব শাহিনা সুলতানা ১ এপ্রিল এএফপিকে বলেন, “বাংলাদেশের কোনও ফিলিং স্টেশনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নাম নেই, যা ছবিতে অস্বাভাবিকভাবে দেখা যাচ্ছে”(আর্কাইভ লিংক)। 

বিপিসি বাংলাদেশে তেল আমদানি এবং জ্বালানি অবকাঠামোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকলেও সরাসরি ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রি করে না।

সিরিয়ালে আটকে পড়ে স্টেশনে চালকদের ঘুমিয়ে পড়ার কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

দ্বিতীয় ছবিটিতেও চালকদের অঙ্গপ্রত্যঙ্গ বিকৃত এবং হোসের সাথে সংযোগহীন পাম্পসহ কিছু দৃশ্যগত ত্রুটি দেখা যায়।   

Image
দৃশ্যগত অসঙ্গতি চিহ্নিত করে এএফপির যোগ করা এআই প্রতীকসহ দ্বিতীয় ছবির স্ক্রিনশট

এই ছবিতে ফিলিং স্টেশনটির কথিত নাম ও ঠিকানাও দৃশ্যমান। যা থেকে বোঝা যায় এটি মুন্সিগঞ্জ শহরের শ্রীনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত একটি পাম্প(আর্কাইভ লিংক)। 

তবে ছবিটির সাথে মূল স্টেশনের গুগল স্ট্রিট ভিউ চিত্রের মিল পাওয়া যায়নি। স্টেশনটির স্তম্ভগুলোর আকৃতি, পাম্পগুলোর অবস্থান এবং কিয়স্কের নকশাসহ সবই ভিন্ন (আর্কাইভ লিংক)। 

Image
দ্বিতীয় ছবি (বাম) এবং গুগল ম্যাপের চিত্রের তুলনামূলক স্ক্রিনশট

অসত্যভাবে ছড়ানো তৃতীয় ছবিতে পেট্রল পাম্পে ঘুমিয়ে থাকা মানুষের সংখ্যার চেয়ে মোটরসাইকেলের সংখ্যা অনেক বেশি দেখা যায়। এছাড়া বিকৃত মুখ এবং হোসের সাথে সংযোগহীন পাম্পসহ কিছু দৃশ্যগত ত্রুটিও রয়েছে। 

Image
দৃশ্যগত অসঙ্গতি চিহ্নিত করে এএফপির যোগ করা এআই প্রতীকসহ তৃতীয় ছবির স্ক্রিনশট

অন্যদিকে, এআই কন্টেন্ট সনাক্তকরণ টুল হাইভ মডারেশন ব্যবহার করে আরও বিশ্লেষণে দেখা যায়,  ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 

Image
হাইভ মডারেশন টুলের ফলাফলের স্ক্রিনশট

মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কিত অপতথ্য নিয়ে এএফপির আরও প্রতিবেদন পাওয়া যাবে এখানে।   

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ