গাজায় ইসরায়েলের বিমান হামলার পুরনো ছবিকে ২০২৬ সালে তেল আবিবের ওপর ইরানের আক্রমণ হিসেবে প্রচার

২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে ইসরায়েলের বিরুদ্ধে  ইরানের হামলার দাবিতে অনলাইনে ছড়ানো ছবিটি পুরনো। প্রকৃতপক্ষে ছবিটি ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলার। 

২৮ ফেব্রুয়ারি ফেসবুকে শেয়ার করা একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “আলহামদুলিল্লাহ! ইসরায়েলে বহুতল ভবনে ইরানের ভয়াবহ হামলা।”

ছবিতে কিছু ভবনের উপর দিয়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

Image
এএফপির যোগ করা লাল ক্রস চিহ্নসহ ৩ মার্চ ২০২৬ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

২৮ ফেব্রুয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। জবাবে তেল আবিবের ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান(আর্কাইভ লিংক)।

লেবাননে ইসরায়েলের বোমা হামলা এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর ইরানের আক্রমণের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। তখন যুদ্ধ এক মাসের বেশি সময় ধরে চলতে পারে বলে হুশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মার্চ মাসের ৪ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ৭৮৭ জন লোক নিহত হন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। তবে হতাহতের সংখ্যাটি এএফপি আলাদাভাবে নিশ্চিত হতে পারেনি(আর্কাইভ লিংক)। 

অন্যদিকে, ইসরায়েলের বেইত শেমেশ শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে নয়জন নিহত হয়েছেন।

অনুরূপ দাবিতে ছবিটি অন্যত্র ফেসবুক পোস্টে ছড়ানো হয়েছে।

তবে ছবিটি সর্বশেষ যুদ্ধের কয়েক বছর আগের এবং গাজা উপত্যকায় ধারণ করা। 

গুগলে এক রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিটি ৭ অক্টোবর ২০২৩ তারিখে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়ান্টি ফোর এ প্রকাশিত হয়েছিল(আর্কাইভ লিংক)। 

ছবিটির ক্যাপশনের বলা হয়, “৭ অক্টোবর ২০২৩ তারিখে গাজা শহরে ইসরায়েলের বিমান হামলার সময় কিছু ভবনের উপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।”

Image
অসত্যভাবে ছড়ানো ছবির(বামে) এবং ফ্রান্স টুয়ান্টি ফোরের প্রকাশিত ছবির তুলনামূলক স্ক্রিনশট

এএফপিকে ক্রেডিট দিয়ে ছবিটির ক্যাপশন বলা হয়, ইসরায়েলের এক বিমান হামলায় প্যালেস্টাইন টাওয়ার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে(আর্কাইভ লিংক)।  

Image
৭ অক্টোবর ২০২৩ তারিখে প্যালেস্টাইন টাওয়ার বিল্ডিং এ ইসরায়েলের বিমান হামলার পর একটি ধোঁয়ার কুণ্ডলি গাজা শহরের ভবনের উপর দিয়ে উঠছে। ২০২১ সালের মে মাসের পর বৃহত্তর লড়াইয়ের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলে অন্তত ৭০জন এবং গাজায় ১৯৮জন নিহত হন। এছাড়া উভয় পক্ষে আরও শত শত লোক আহত হয়েছে। (AFP / MAHMUD HAMS)

৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের হামলায় ১,২২১ ইসরায়েলি নিহত হয়। ওই হামলার পর ইসরায়েল ও হামাসের মধ্যেকার দুই বছরের যুদ্ধে গাজার বেশিরভাগ ভবন ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় অন্তত ৭১,০০০ লোক নিহত হয়েছেন(আর্কাইভ লিংক)। 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কিত অপতথ্য নিয়ে এএফপির আরও প্রতিবেদন পাওয়া যাবে এখানে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ