টেক্সাসে পাখির ঝাঁকের পুরনো ভিডিওকে তেল আবিবের ওপর অশুভ লক্ষণের দৃশ্য হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 8 এপ্রিল 2026, 15:31
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Bill MCCARTHY, এএফপি যুক্তরাষ্ট্র
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ যখন দ্বিতীয় মাসে গড়িয়েছে, তখন কথিত অশুভ লক্ষণ হিসেবে তেল আবিবের ওপর কাকের ঝাঁক হামলে পড়ছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে। কিন্তু এএফপির এক অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওয়াকোতে একটি বেস্ট বাই স্টোরের পার্কিং লটে জড়ো হওয়া এক ঝাঁক পাখির।
২৬ মার্চ ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “ইসরায়েলের আকাশে রহস্যময় পাখির ঝাঁক, রাডার বিভ্রান্তিতে সেনা সতর্ক।”
একই ফুটেজ অনুরূপ দাবিতে ইনস্টাগ্রামে ছড়ানো হয়। স্প্যানিশ ও আরবিসহ অন্যান্য ভাষায় থ্রেড, টিকটক এবং ইউটিউবেও ভিডিওটি ছড়িয়েছে।
“তেল আবিবের আকাশে অস্বাভাবিক দৃশ্য,” এবং একটি “ভৌতিক দৃশ্য” মন্তব্য করে যুক্তরাজ্যের ব্রেক্সিট পার্টির প্রাক্তন সংসদীয় প্রার্থী জিম ফার্গুসন ভিডিওটি আরও ছড়াতে সহায়তা করেন। যদিও ভুল তথ্য ছড়ানোর জন্য এএফপি ফার্গুসকে অনেকবার ফ্যাক্ট চেক করেছে।
মধ্যপ্রাচ্য জুড়ে চলা যুদ্ধ যখন দ্বিতীয় মাসে পদার্পণ করেছে, তখন ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হলে যুদ্ধের সূত্রপাত হয়। প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েল ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস ২ এপ্রিল এক সতর্কবার্তা দিয়ে বলেন, এই সংঘাত একটি বৃহত্তর যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকিতে রয়েছে। এ সময় তিনি সব পক্ষ থেকে হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।
তবে অশুভ সংকেত নিয়ে এক ঝাঁক কাক তেল আবিবের ওপর হামলে পড়ার দাবিটি বিভ্রান্তিকর। ফুটেজটি পুরনো এবং যুদ্ধের সাথে সম্পর্কিত নয়।
২০২৩ সালের টেক্সাসের ভিডিও
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, একই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ ২০২৪ সালে ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে শেয়ার করা হয়। যেখানে দৃশ্যটিকে “টেক্সাসে কাকের ঝাঁক” হিসেবে বর্ণনা করা হয় (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)। কিওয়ার্ড অনুসন্ধানে ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে একটি টিকটক অ্যাকাউন্টের পোস্টে ভিডিওর আগের সংস্করণ খুঁজে পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
মূল টিকটক পোস্টে কাক নিয়ে বিভিন্ন হ্যাশট্যাগ রয়েছে। যদিও অন্য টিকটক ব্যবহারকারীদের মন্তব্য প্রাণিগুলোকে গ্র্যাকল হওয়ার ইঙ্গিত দেয়। গ্র্যাকল হলো উত্তর ও দক্ষিণ আমেরিকার স্থানীয় এক ধরনের ঝাঁকবদ্ধ পাখি, যাকে প্রায়শই কাক মনে করে ভুল করা হয়।
ফুটেজে দৃশ্যমান একটি শেভ্রোলেট গাড়ির লাইসেন্স প্লেট টেক্সাসে নিবন্ধিত। যাতে বোঝা যায় ভিডিওটি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যে ধারণ করা হয়েছে।
টিকটক অ্যাকাউন্টটির অন্যান্য পোস্ট পর্যালোচনা করে এএফপি ভিডিওটির অবস্থান আরও দৃঢ়ভাবে নিশ্চিত হয়। কিছু পোস্টে টেক্সাসের মিডওয়েতে অবস্থিত একটি আমেরিকান ফুটবল মাঠ রয়েছে।
এএফপি প্রথম প্রকাশিত ভিডিওতে আংশিকভাবে দৃশ্যমান পার্কিং লট, বিদ্যুতের খুঁটি এবং একটি দোকানের সম্মুখভাগের সাথে টেক্সাসের ওয়াকোতে অবস্থিত একটি বেস্ট বাই রিটেইল স্টোরের গুগল স্ট্রিট ভিউ ছবির মিল খুঁজে পায়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
এএফপি এর আগে করোনাভাইরাস মহামারির শুরুর দিকে বিশ্বের অন্যান্য অংশে পাখিদের ঝাঁক নিয়ে অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কিত অপতথ্য নিয়ে এএফপির আরও প্রতিবেদন পাওয়া যাবে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ