আয়নায় নিজেকে দেখে নরওয়েজিয়ান ফুটবলার হলান্ডের চমকে উঠার ভিডিওটি এডিটেড
- প্রকাশিত 9 জুলাই 2026, 10:01
- আপডেট করা হয়েছে 9 জুলাই 2026, 11:49
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Livia LIU, এএফপি হংকং
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড যখন তাঁর দেশকে ২০২৬ বিশ্বকাপ আসরের পরবর্তী ধাপে নিয়ে গেছেন, ঠিক তখন এডিট করা একটি ভিডিও ফেসবুকে ছড়ানো হয়। ভিডিওতে হলান্ডকে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠতে দেখা যায়। তবে এএফপির অনুসন্ধানে দেখা যায়, ক্লিপটি আসলে একজন চীনা কন্টেন্ট নির্মাতার পোস্ট করা একটি ভিডিও থেকে পরিবর্তন করা হয়েছে। এছাড়া ক্লিপটিতে কৃত্রিম বা সিন্থেটিক কন্টেন্টের সাধারণ যেসব বৈশিষ্ট্য থাকে, তেমন কিছু দৃশ্যগত অসঙ্গতি রয়েছে।
ফেসবুকে ১ জুলাই ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “নিজের খাওয়া দেখে নিজেই ভয় পেয়ে গেলেন হালান্ড।”
ভিডিওতে একটি টেবিলে বসে খাওয়ার সময় হলান্ডকে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠতে দেখা যায়। ভিডিওটি আপলোডের পর থেকে ৭৮,০০০ বার দেখা হয়েছে।
ভিডিওটি একই দাবিতে ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়েছে। বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষায়ও ভিডিওটি ছড়াতে দেখা যায়।
নরওয়ের এই দুর্দান্ত স্ট্রাইকার তাঁর দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেওয়ার ঠিক আগে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়(আর্কাইভ লিংক)। দেশটির জাতীয় দলের কোচ হলান্ডকে বিশ্বের সেরা গোলদাতা হিসেবে অভিহিত করেছেন।
বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিশাল শারীরিক গড়ন ও হাসিখুশি ব্যক্তিত্বের মধ্যকার বৈসাদৃশ্যকে কেন্দ্র করে প্রচুর মিমের মাধ্যমে তাঁকে বরণ করে নেয় ফুটবলপ্রেমীরা (আর্কাইভ লিংক)।
তবে ভিডিওটি এআই-এর সহায়তায় বিকৃত করা হয়েছে।
মুখ অদলবদল করা ভিডিও
অসত্যভাবে ছড়ানো ভিডিওর নিবিড় বিশ্লেষণে এমন কিছু দৃশ্যগত ত্রুটি দেখা যায়, যা ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির ইঙ্গিত দেয়।
ভিডিওতে তাঁর ডান কানের আকৃতি হলান্ডের কানের প্রকৃত আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তাঁর জার্সির হাতায় স্পন্সরের যে লোগো দেখা যায়, সেটিও সঠিক নয়(আর্কাইভ লিংক)।
এএফপির সহায়তায় তৈরি ইনভিড-উইভেরিফাই নামে পরিচিত ভেরিফিকেশন প্লাগইন অসত্যভাবে ছড়ানো ভিডিওতে হলান্ডের মুখ “এআই দিয়ে পরিবর্তিত” হওয়ার জোরালো প্রমাণ পেয়েছে(আর্কাইভ লিংক)।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির একটি পোস্টের মন্তব্যে অনুরূপ একটি ক্লিপের স্ক্রিনশট পাওয়া যায়; যেখানে মন্তব্যকারী স্ক্রিনশটটিকে আসল বলে দাবি করেছেন(আর্কাইভ লিংক)।
পরবর্তীতে আরও কি-ওয়ার্ড অনুসন্ধানে ডুইন নামক একটি সামাজিক মাধ্যমে ১৫ জুন একজন ব্যবহারকারী পোস্টে মূল ভিডিওটি পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
ক্যাপশনটিতে বলা হয়, “আয়নায় দেখা মানুষটিকে খুব পরিচিত মনে হচ্ছে।”
ডু্ইন অ্যাকাউন্টটি চীনের শানডং প্রদেশে নিবন্ধিত এবং এটি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর পরিচালনা করেন, যিনি নিয়মিত হাস্যরসাত্মক স্কিট পোস্ট করেন(আর্কাইভ লিংক)।
ভিডিওটি তাঁর বলে এএফপি-কে জানিয়েছেন ওই কন্টেন্ট ক্রিয়েটর । তাঁর ভিডিওটি যে এডিট হয়েছে সেটা জানেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এ বিষয়ে অবগত নই।” তিনি আরও জানান যে, তিনি শুধু ডু্ইন, কুওয়াইশু এবং উইচ্যাট চ্যানেলেই অ্যাকাউন্ট পরিচালনা করেন।
এএফপি এর আগেও ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি ছবির ওপর ভিত্তি করে ছড়ানো অন্যান্য মিথ্যা দাবি খণ্ডন করেছে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ