গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ভারতীয় নাগরিক আটকের ফুটেজটি এআই দিয়ে তৈরি
- প্রকাশিত 6 এপ্রিল 2026, 12:35
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Eyamin SAJID, এএফপি বাংলাদেশ
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক শ লোককে গ্রেপ্তার করেছে ইরান। কিন্তু অনলাইনে ছড়ানো ভিডিওটি তেহরানে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের নয়। ক্লিপটিতে বেশ কিছু দৃশ্যগত অসঙ্গতি রয়েছে, যা এআই দিয়ে তৈরির ইঙ্গিত দেয়। এছাড়া সনাক্তকরণ টুল ভিডিওটির ফুটেজ এআই দিয়ে তৈরির সম্ভাবনা পেয়েছে।
১৬ মার্চ ২০২৬ তারিখে ছড়ানো এক ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “গুপ্তচরবৃত্তির সন্দেহে তেহরানে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।”
পোস্টের সাথে যুক্ত ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে একটি ব্যস্ত সড়কে উর্দি পরিহিত কয়েকজন ব্যক্তিকে অপর একজনকে পাকড়াাও করতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তি হিন্দি ও ইংরেজি ভাষায় “আমাকে যেতে দাও, আমি কিছু করিনি” বলে চিৎকার করেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতার অভিযোগে কয়েক শ লোককে গ্রেপ্তার করেছে ইরান(আর্কাইভ লিংক)।
১৮ মার্চ ২০২৬ তারিখ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান একজন সুইডিশ নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে যেটি ছিল প্রথম কার্যকর হওয়া মৃত্যুদণ্ড।
অসত্য দাবিতে স্ক্রিনশটসহভিডিওটি অন্যত্র ফেসবুকে ছড়ানো হয়েছে। তবে নিবিড় পর্যবেক্ষণে একজন লোকের বেমানান চালচলন এবং একটি গাড়ির দরজার কাঠামো অদৃশ্য হয়ে যাওয়াসহ কিছু দৃশ্যগত ত্রুটি এবং অসঙ্গতি পাওয়া যায়, যা ভিডিওটিকে এআই দিয়ে তৈরির ইঙ্গিত দেয়।
এছাড়া ভিডিওতে সামনে একটি কালো গাড়ির আড়াল থাকা সত্ত্বেও পেছনে অপর একটি সাদা গাড়িকে পাশ দিয়ে চলে যাওয়ার দৃশ্য দেখা যায়।
সনাক্তকরণ টুল হাইভ মডারেশনে ভিডিওটির আরও বিশ্লেষণে ফুটেজটি বানোয়াট হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যায়।
গুপ্তচরবৃত্তির কারণে তেহরানে কোন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছে বলে ৩১ মার্চ পর্যন্ত এএফপি কোন নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন পায়নি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে অসংখ্য অপতথ্য খণ্ডন করেছে এএফপি।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ