তুরস্কে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ভিডিওকে ইসরায়েলে যুদ্ধের প্রভাব হিসেবে অসত্যভাবে প্রচার
- প্রকাশিত 9 মার্চ 2026, 13:06
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, এএফপি হংকং
- অনুবাদ এবং অভিযোজন AFP Bangladesh
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ওপর বিমান হামলা চালায়। আক্রান্ত ইরান প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়ে ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। কিন্তু অনলাইনে ছড়ানো ধ্বংসস্তূপের ক্লিপটি তেল আবিবে হামলা পরবর্তী পরিস্থিতির নয়। ফুটেজটি দক্ষিণ-পূর্ব তুরস্কের। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ওই অঞ্চলে মারাত্মক এক ভূমিকম্প আঘাত হানার পর ধ্বংসযজ্ঞের চিত্র ভিডিওটিতে দেখানো হয়েছে।
ফেসবুকে ৪ মার্চ ২০২৬ তারিখে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “ইরান ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলবে, এই মুহূর্তে ইসরায়েলের তেল আবিবের দৃশ্য।”
ভিডিওটিতে কিছু ভবনের ধ্বংসস্তুপের দৃশ্য দেখা যায়।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং তেল আবিবের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
ইরান ইতোমধ্যে কাতার, বাহরাইন এবং সৌদি আরবসহ প্রতিবেশী উপসাগরীয় যেসব দেশে মার্কিন অবকাঠামো রয়েছে, সেখানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
এদিকে যুদ্ধ একটি “নতুন পর্যায়ে” মোড় নিয়েছে মন্তব্য করে ইসরায়েল ইরানের “শাসন এবং সামরিক ক্ষমতা আরও ভেঙে ফেলার” ঘোষণা দিয়েছে।
একই দাবিতে ভিডিওটি ফেসবুক ও ইনস্টাগ্রামের পোস্টে বিভিন্ন ভাষায় ছড়ানো হয়েছে।
কিন্তু ভিডিওটি ইরান যুদ্ধের কয়েক বছর আগে অনলাইনে ছড়িয়েছে। এটি মূলত তুরস্কে আঘাত হানা একটি বড় ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, একই ভিডিওটি তুরস্কের সংবাদপত্র ডেইলি সাবাহ-র ফেসবুকে ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে শেয়ার করা হয়(আর্কাইভ লিংক)।
ভিডিওটি কাহরামানমারাসে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বলে পোস্টে বলা হয়।
অঞ্চলটি ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার কিছু অংশে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এক বিশাল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এতে উভয় দেশে ৫০,০০০ জনের বেশি মানুষ নিহত হন এবং পুরো শহর মাটির সাথে ধ্বসে যায়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত আনাদোলু এজেন্সি ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভূমিকম্পের দ্বিতীয় বার্ষিকীতে একই স্থানে ধ্বংসযজ্ঞের আকাশ থেকে ধারণ করা একটি ফুটেজ একটি ফেসবুক পোস্টে শেয়ার করেছে(আর্কাইভ লিংক)।
অনলাইনে ছড়ানো ক্লিপের শুরুতে থাকা দুটি ভবন কাহরামানমারাসের ট্র্যাবজন বুলেভার্ডের গুগল স্ট্রিট ভিউয়ের ছবিতে এখনও দাঁড়িয়ে থাকতে দেখা যায়(আর্কাইভ লিংক)।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কিত অপতথ্য নিয়ে আমাদের আরও প্রতিবেদন পাওয়া যাবে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ