দুবাইয়ে গুদামে আগুনের পুরনো ভিডিও, ইসরায়েলে ইরানের হামলার নয়
- প্রকাশিত 2 মার্চ 2026, 13:56
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB
২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন। প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কিন্তু তেল আবিবে হামলার দাবিতে অনলাইনে ছড়ানো ভিডিওটি সর্বশেষ যুদ্ধ শুরুর আগের। ভিডিওটি ২০২৫ সালের নভেম্বরে দুবাইয়ের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার।
২ মার্চ ২০২৬ তারিখে ফেসবুকে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “চোখের শান্তি ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব জ্বলছে।”
ভিডিওতে একটি মহাসড়কের কাছে একটি জ্বলন্ত ভবন থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এ সময় একই দাবিতে ফুটেজটি ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়(আর্কাইভ লিংক)।
ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি আছে এমন অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে হামলা চালায়(আর্কাইভ লিংক)।
ইসরায়েলের কেন্দ্রীয় শহর বেইত সেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে নয়জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। এর আগের দিন তেল আবিবে আরও একজন নিহত হন।
তবে অনলাইনে ছড়ানো ভিডিওটি যুদ্ধ শুরু হওয়ার আগের ঘটনা।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি ইনস্টাগ্রাম পেজ দ্য দুবাই জাংশান-এ ২৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়(আর্কাইভ লিংক)।
ভিডিওটি দুবাইয়ের শিল্পাঞ্চলীয় উম্মে রামুল এলাকার একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার বলে পোস্টটিতে বলা হয়। একজন টিকটক ব্যবহারকারীর বরাতে ফুটেজটি ব্যবহার করা হয়। ওই টিকটক ব্যবহারকারী নিজেও একই দিনে ভিডিওটি শেয়ার করেছিলেন (আর্কাইভ লিংক)।
আরও কিওয়ার্ড সার্চে স্থানীয় একটি সংবাদমাধ্যমে পাওয়া যায়, যেটি ওই অগ্নিকাণ্ডের একই ধরণের কিছু ফুটেজ ২৪ নভেম্বর ২০২৫ তারিখে এক্স-এ প্রকাশ করেছিল। এতে বলা হয়, দমকলবাহিনী একটি রঙের গুদামের আগুন নেভাতে সক্ষম হয় (আর্কাইভ লিংক)।
দুবাই সরকারের জনসংযোগ দপ্তর জানিয়েছে যে, দমকলকর্মীরা ৪০ মিনিটেরও কম সময়ের মধ্যে আগুন সফলভাবে নেভাতে সক্ষম হয় (আর্কাইভ লিংক)।
দুবাইয়ের আল রাবাত সড়কের গুগল স্ট্রিট ভিউ ছবির সাথে অনলাইনে ছড়ানো ভিডিওর দৃশ্যের মিল রয়েছে (আর্কাইভ লিংক)।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সম্পর্কিত অন্যান্য অপতথ্য এএফপি খণ্ডন করেছে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ