নির্বাচন পরবর্তী সহিংসতার দাবিতে পুরনো ভিডিওকে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 22 ফেব্রুয়ারি 2026, 12:18
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সহিংসতার ঘটনা নিয়ে প্রতিবেদন করেছে স্থানীয় গণমাধ্যম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কথিত সহিংসতার ভিডিওটি পুরনো। ক্লিপটি আসলে ২০২৫ সালের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় আক্রমণের শিকার হওয়া এক ব্যক্তির। এটি পুরনো বলে এএফপিকে নিশ্চিত করেছেন ভিডিওটি ধারণকারী একজন কন্টেন্ট ক্রিয়েটর।
১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফেসবুকে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “জামায়াতে ইসলামী নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে ইসলামপন্থীরা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ শুরু করেছে।”
১,২০০ বারের বেশি ভিউ হওয়া ভিডিওটিতে একদল লোককে অপর একজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।
একই দাবিতে দুই দিন আগে ভিডিওটি অপর একটি যোগাযোগ মাধ্যম এক্স -এ ছড়ানো হয়েছে। এই পোস্টে ভিডিওটি ৪৯,০০০ বারেরও বেশি ভিউ হয়েছে।
কন্টেন্ট সতর্কতা
২০২৪ সালে এক প্রাণঘাতী গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক দিনের মধ্যে একই দাবিতে পোস্টটি অন্যত্র ফেসবুকে ছড়িয়েছে (আর্কাইভ লিংক)।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান মতে, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন জোট ২১২টি আসন এবং বাংলাদেশ জামায়াত-ই- ইসলামীর জোট ৭৭টি আসনে জয় লাভ করেছে। তবে নির্বাচনে “ভোট গণনায় ব্যাপক অনিয়ম” হয়েছে অভিযোগ তুলে “প্রতিকার” চেয়েছেন জামায়াত।
নির্বাচন পর্যন্ত বেশ কিছু জায়গায় সংখ্যাগুরু মুসলিম এবং সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন পাওয়া গেছে (আর্কাইভ লিংক)
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুয়াযী, সারাদেশে নির্বাচন-পরবর্তী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবে অনলাইনে ছড়ানো ভিডিওটি নির্বাচন পরবর্তী কোন সহিংসতার নয়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, মূল ভিডিওটি নির্বাচনের প্রায় দুই মাস আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে বাংলা টিভি নিউজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম প্রকাশিত হয়(আর্কাইভ লিংক)।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “বেগম খালেদা জিয়ার জানাজায় এসে ‘জয় বাংলা’ স্লোগান. অতঃপর!”
ওই সময় ঘটনাটি নিয়ে অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনেও ভিডিওটি প্রকাশিত হয়েছে(আর্কাইভ লিংক এখানে, এখানে এবং এখানে)।
আরও রিভার্স ইমেজ সার্চে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে একজন কন্টেন্ট ক্রিয়েটরের পোস্ট করা একই ধরণের একটি ভিডিও পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
ভিডিওটি তিনি ধারণ করেছেন বলে এএফপিকে নিশ্চিত করেছেন কন্টেন্ট ক্রিয়েটর সুমন হাসান বাপ্পি।
১৯ ফেব্রুয়ারি তিনি এএফপিকে বলেন, “ভিডিওটি খালেদা জিয়ার জানাজার দিনের। একজন ব্যক্তি হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়েছিল এবং তারপরে অন্যরা তাকে আক্রমণ করতে শুরু করে।”
ভিডিওটি ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদ এলাকায় নির্বাচন-পরবর্তী কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি বলে এএফপিকে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানা পুলিশ।
এএফপি বাংলাদেশের নির্বাচন নিয়ে ছড়ানো অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ