ভারতীয় ক্রিকেট লীগ বর্জন করতে বলার অসত্য দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনাকর সম্পর্কের প্রেক্ষাপটে ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে তার দল অব্যাহতি দেয়। এই ঘোষণার পর অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে । এতে অসত্যভাবে দাবি করা হয় যে মুস্তাফিজ বলছেন, তিনি আর কখনো আইপিএল খেলবেন না। ক্লিপটির দৃশ্যগুলো তাঁর একটি পুরোনো ভিডিও থেকে বিকৃত করে নেওয়া এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি একটি সাউন্ডট্র্যাক যুক্ত করা হয়েছে।

“আইপিএল বয়কট,” ০৫ জানুয়ারী ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক রিলের পোস্টের ক্যাপশনে বলা হয়।

১১-সেকেন্ডের সেই ক্লিপটিতে মুস্তাফিজুরকে বলতে শোনা যাচ্ছে, "বাংলাদেশের যে মানুষেরা আমাকে এত ভালোবাসেন, তাঁদের ধন্যবাদ! আইপিএল বয়কট করুন। আমি আর কখনো আইপিএলে খেলব না। আমাকে অপমান করা মানে আমার দেশকে অপমান করা।"

ভিডিওটি—যা পাঁচ লক্ষবার দেখা হয়েছে—৩ জানুয়ারি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর অনলাইনে প্রকাশিত হয় (আর্কাইভ লিংক)।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন যে, "সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনা করে" কলকাতা নাইট রাইডার্সকে ৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার "পরামর্শ দেওয়া হয়েছিল"।

মুস্তাফিজুর এর আগে আইপিএলে অন্য দলের হয়ে খেলেছিলেন, এবং এরপর ডিসেম্বর ২০২৫ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ১০ লক্ষ ডলারেরও বেশি দামে কিনে নেয়।

Image
এএফপির যোগ করা লাল ক্রস চিহ্নসহ ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

একই দাবিতে ভিডিওটি ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়।

মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশি সংবাদমাধ্যম বিডিক্রিকটাইম তাঁর বরাত দিয়ে বলে, "ওরা যদি আমাকে বাদ দেয়, তাহলে আমার আর তেমন কিছু করার নেই” (আর্কাইভ লিংক)।

কিন্তু এএফপি  নির্ভরযোগ্য গণমাধ্যমের এমন কোনো প্রতিবেদন খুঁজে পায়নি যেখানে তাকে অসত্য ভিডিওতে শোনা মন্তব্যগুলো করতে দেখা গেছে, এবং ক্লিপটির অডিও বিশ্লেষণে এটি যে বানোয়াট বা এআই দিয়ে তৈরি তার প্রমান দেখা যাচ্ছে।

ভিডিওর শুরুতে শোনা কথাগুলোই ভিডিওর শেষে হুবহু একই ভাবে পুনরাবৃত্তি করা হয়েছে, অন্যদিকে হিয়া নামক একটি এআই ভয়েস ক্লোনিং শনাক্তকরণ টুল ব্যবহার করে ক্লিপটির সাউন্ডট্র্যাক বিশ্লেষণ করে দেখা গেছে যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

Image
হিয়া এআই ভয়েস ক্লোনিং শনাক্তকরণ টুলের ফলাফলের স্ক্রিনশট।

অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় একই ভিডিওটি যমুনা টিভি ডিসেম্বর ১৭, ২০২৫ তারিখে প্রকাশ করে (আর্কাইভ লিংক)।

ভিডিওটির ক্যাপশনে লেখা আছে: "৯০ মিলিয়ন ভারতীয় রুপিতে (৯৮২,০০০ ডলার) কেকেআরে নির্বাচিত হওয়ার পর ফিজের প্রতিক্রিয়া।"

ভিডিওটিতে তাঁকে বলতে শোনা যায়: "হাই কেকেআর ভক্তরা, আমি মুস্তাফিজুর রহমান। কেকেআর দলের অংশ হতে পেরে আমি খুব খুশি এবং আনন্দিত! শীঘ্রই দেখা হবে।"

তিনি আইপিএল বয়কটের কোনো আহ্বানের কথা উল্লেখ করেননি।

Image
অসত্য পোস্টের (বামে) এবং যমুনা টিভির প্রকাশিত ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট

এএফপি বাংলাদেশের অস্থিরতা সম্পর্কিত অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে এখানে।   

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ