প্রাক-নির্বাচনী জনসমাবেশের ছবিগুলো এআই দিয়ে তৈরি

জাতীয় নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে চলছে রাজনৈতিক সভা-সমাবেশ। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়ানো বিশাল জনসমাবেশের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি। ছবিগুলোতে বেশ কিছু দৃশ্যগত অসঙ্গতি রয়েছে, যা সিন্থেটিক কন্টেন্টের ইঙ্গিত দেয়। এছাড়া এআই সনাক্তকারী একাধিক টুলে ছবিগুলোর বিশ্লেষণে ‘এআই দিয়ে তৈরি' হওয়ার আলামত পাওয়া যায়।  

১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “জামায়াতের জনপ্রিয়তা দেখে বিএনপি এখন দিশেহারা হয়ে গেছে।” 

ছবিতে একটি জনসমুদ্রের সামনে মঞ্চে দাঁড়িয়ে এক ব্যক্তিকে বক্তব্যের ভঙ্গিতে দেখা যায়। 

২৬ জানুয়ারি ছড়ানো অন্য একটি ফেসবুক পোস্টের ছবির ক্যাপশনে বলা হয়, “আজকে বিএনপি'র জনসভা।”

৪ হাজারেরও বেশি শেয়ার হওয়া ছবিটিতে বিশাল জনসমাবেশে কিছু লোককে রঙিন ব্যানার এবং পতাকা উড়াতে দেখা যায়। 

Image
এএফপির যোগ করা ক্রস চিহ্নসহ ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নেয়া অসত্য ফেসবুক পোস্টগুলোর স্ক্রিনশট

ছবিগুলো একই দাবিতেফেসবুকে অন্যত্র ছড়িয়ে পড়ে।

দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা সমাবেশে হাজার হাজার সমর্থক পতাকা উত্তোলন করলেও সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিগুলো এআই দিয়ে বানানো।

অসত্য দাবিতে ছড়ানো প্রথম ছবিতে একাধিক দৃশ্যমান অসঙ্গতি রয়েছে, যা ছবিটিকে এআই দিয়ে তৈরির ইঙ্গিত দেয়। 

যেমন সমাবেশের ঠিক সামনের ভিড়টিকে বেশ অস্বাভাবিক এবং কিছুটা বিকৃত সমাহারের মতো দেখায়।  

Image
অসত্য ছবিতে দৃশ্যমান অসঙ্গতি চিহ্নিত করে এএফপি কর্তৃক এআই প্রতীক যুক্ত করে নেয়া স্ক্রিনশট

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কন্টেন্ট শনাক্ত করার জন্য গুগলের ডিটেক্টর টুল সিন্থআইডিতে অনলাইনে ছড়ানো ছবিটি বিশ্লেষণ করে দেখা যায় যে, প্রথম ক্লিপটি গুগলের এআই টুলে দিয়ে তৈরি করা হয়েছে (আর্কাইভ লিংক)। 

Image
সিন্থআইডি ডিটেক্টরের ফলাফলের স্ক্রিনশট

দ্বিতীয় ছবিতেও একাধিক দৃশ্যগত ত্রুটি রয়েছে, যা প্রায়শই এআই দিয়ে তৈরি ছবিতে পাওয়া যায়।

যেমন ছবিতে বিএনপির পতাকাটিতে “বি” অক্ষরটিকে বিকৃত দেখা যায়। এছাড়া জনতার উড়ানো অন্যান্য পতাকাগুলো বিএনপির দলীয় পতাকা বা অন্য দলের পতাকা কিংবা বাংলাদেশের জাতীয় পতাকার মতো নয় (আর্কাইভ লিংক)।  

ছবির নীচের ডানদিকে “মেটা এআই” লিখা একটি লেবেলও দেখা যাচ্ছে। 

Image
দৃশ্যমান অসঙ্গতি হাইলাইট ও এএফপি কর্তৃক এআই প্রতীক যুক্ত করে নেয়া অসত্য ছবির স্ক্রিনশট

এছাড়া, এআই ভিডিও ডিটেক্টর হাইভ মডারেশনে এক বিশ্লেষণে ছবিটি “এআই দিয়ে তৈরি বা ডিপফেক কন্টেন্ট” বলে সন্তাক্ত করা হয়(আর্কাইভ লিংক)। 

Image
হাইভ মডারেশন টুলের ফলাফলের স্ক্রিনশট

এএফপি বাংলাদেশের নির্বাচন নিয়ে ছড়ানো অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে এখানে।   

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ