ইন্দোনেশিয়ায় কবরস্থান সংস্কারের ভিডিওকে ভারতে মুসলমানদের কবর ভাঙার দৃশ্য হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 22 জুন 2026, 14:20
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
২০২৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু-জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতার খবর অনলাইনে অপতথ্য উসকে দেয়। সর্বশেষ একটি ভিডিও ছড়িয়ে সেটিকে ভারতে একটি মুসলিম কবরস্থান ভেঙ্গে দেয়া হচ্ছে বলে অসত্যভাবে অভিযোগ করা হয়। আদতে ফুটেজটি ইন্দোনেশিয়ার, যেখানে নতুন সমাধিস্থল তৈরির জন্য কর্তৃপক্ষকে একটি পুরোনো কবরস্থান সংস্কার করতে দেখা যায়।
৩১ মে ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “ভারতে মুসলিমদের মসজিদ ভাঙার পর, এবার ভেঙে ফেলা হচ্ছে কবরস্থান।”
পোস্টের সাথে যুক্ত ২২ সেকেন্ডের ভিডিওতে একটি কবরস্থানে বুলডোজার দিয়ে একটি পুরোনো কবর খুঁড়তে দেখা যায়। ভিডিওটি ৪৬,০০০ বারের বেশি শেয়ার হয়েছে।
অনুরূপ দাবিতে ভিডিওটি ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিধানসভা নির্বাচনে মোদির বিজেপি বিপুল ভোটে জয়লাভ করার পর পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় ও তাদের সম্পত্তিকে লক্ষ্যবস্তু করা হয়(আর্কাইভ লিংক এখানে, এখানে এবং এখানে)।
ক্ষমতায় আসার কয়েক দিন পরেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে বিজেপি রাজ্যে নথিপত্রহীন বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দেয় (আর্কাইভ লিংক)।
কিন্তু অনলাইনে ছড়ানো ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়।
বালির ভিডিও
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে জাকার্তা-ভিত্তিক সংবাদমাধ্যম হালুয়ান মিডিয়ার জুন ১ তারিখের একটি এক্স পোস্টে একই ভিডিওর একটি মিরর ভার্সন পাওয়া যায়, যেখানে একই দৃশ্য দেখা যায়(আর্কাইভ লিংক)।
ভিডিওটির ইন্দোনেশীয় ভাষার ক্যাপশনে বলা হয়, বালি দ্বীপে একটি পুরনো সমাধি খনন করা হচ্ছে। নতুন সমাধির জন্য জায়গা করার জন্য পুরাতন সমাধি তোলা হচ্ছিল বলে ভিডিওর ওপর জুড়ে দেয়া লেখায় বলা হয়।
কবরস্থান সংস্কার নিয়ে স্থানীয় আরেকটি সংবাদমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বালির বেশ কিছু ঘনবসতিপূর্ণ এলাকায় কবরস্থানের জমির যে সীমাবদ্ধতা, সেই চিত্র ফুটে উঠেছে(আর্কাইভ লিংক)।
এএফপি সংস্কার হওয়া কবরস্থানের অবস্থানটি বালির পালাসারী কমিউনিটি সমাধিক্ষেত্র বলে শনাক্ত করেছে(আর্কাইভ লিংক)।
এর আগেও পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে ছড়ানো অপতথ্য খণ্ডন করেছে এএফপি।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ