স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের সফরের ভিডিওকে দিল্লিতে শেখ হাসিনার গাড়িবহর হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 18 জুন 2026, 14:19
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Eyamin SAJID, এএফপি বাংলাদেশ
২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী ভারতে নির্বাসনে রয়েছে। তবে কড়া নিরাপত্তায় চলাচল করা দীর্ঘ গাড়ির সারির ভিডিওটি দিল্লিতে শেখ হাসিনার গাড়িবহরের নয়। যদিও অনলাইনে ছড়ানো পোস্টে সম্পূর্ণ উল্টো দাবি করা হয়েছে। ভিডিওটি ২০২৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ড সফর সংক্রান্ত খবরের সাথে প্রকাশিত হয়েছে। এছাড়া ভারতে পালিয়ে আশ্রয় নেয়ার পর থেকে হাসিনাকে জনসম্মুখে দেখা যায়নি।
জুন মাসের ৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “আজ ৬ জুন ২০২৬। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কড়া নিরাপত্তার মধ্যে দিল্লিতে অবস্থিত হোটেল ডিপ্লোমাট উদ্দেশ্যে নিজের বাস ভবন থেকে রওনা দিয়েছেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।”
৫০০ বারের বেশি শেয়ার হওয়া পোস্টে গাড়ির একটি বহরকে এক লাইনে চলতে দেখা যায়।
এক ইমেইল সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, “আওয়ামী লীগের প্রত্যাবর্তন অনিবার্য।” ওই সাক্ষাৎকার প্রকাশের পর একই ধরনের ফেসবুক পোস্টে ক্লিপটি ছড়ানো হয়(আর্কাইভ লিংক)।
শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংস হামলায় দায়ে হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে ২০২৫ সালের মে মাসে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ। শিক্ষার্থীদের ওই আন্দোলনে ২০২৪ সালের আগস্ট মাসে শেখ হাসিনার পতন হয়(আর্কাইভ লিংক)।
পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে প্রতিবেশী দেশে অবস্থান নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী(আর্কাইভ লিংক)।
তবে জুন মাসের ৬ তারিখে শেখ হাসিনা হোটেল ডিপ্লোমাটে গিয়েছেন কিনা সেটি এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ভিডিওটি আসলে ২০২৫ সালের জুলাই মাসে স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের। দিল্লিতে হাসিনার গাড়িবহরের নয়।
ট্রাম্পের স্কটল্যান্ড সফর
অনলাইন পোস্টের ভিডিওতে “টার্নবেরি, যুক্তরাজ্য এবং অ্যাসোসিয়েটেড প্রেস” শব্দগুলো দেখা যায়।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল কিওয়ার্ড সার্চে একই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ২০২৫ সালের ২৬ জুলাই তারিখে প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “স্কটল্যান্ডে পৌঁছানোর পর ট্রাম্পের গাড়িবহর টার্নবেরির উদ্দেশ্যে রওনা হয়েছে”(আর্কাইভ পোস্ট)।
পরবর্তীতে কিওয়ার্ড সার্চে ভিজ্যুয়াল মিডিয়া এজেন্সি গেটি ইমেজেসও ভিডিওটি বিতরণ করেছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়, “স্কটল্যান্ডে পৌঁছানোর পর টার্নবেরির দিকে রওয়ানা দিয়েছে ট্রাম্পের গাড়িবহর”(আর্কাইভ লিংক)।
ভিডিওর বিবরণে বলা হয়, ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত নিজের স্কটল্যান্ড সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর “ট্রাম্প টার্নবেরি গলফ কোর্স” এবং “অ্যাবারডিনশায়ারে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ লিংকস” পরিদর্শন করেন।
ট্রাম্প টার্নবেরি অ্যাপার্টমেন্টস মোড়ের রাস্তার গুগল স্ট্রিট ভিউর ছবির সাথে অসত্য পোস্টের ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ