ইজতেমার পুরনো ভিডিওকে পশ্চিমবঙ্গ থেকে অভিবাসীদের পালানোর দৃশ্য হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 14 জুন 2026, 11:18
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Akshita KUMARI, এএফপি ইন্ডিয়া
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার রাজ্যের নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করেছে। তবে অনলাইনে ছড়ানো বিশাল জনস্রোতের ভিডিওটি পশ্চিমবঙ্গ থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যাওয়া মানুষের নয়। দমনপীড়নের আশঙ্কায় ভারত-বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ জড়ো হলেও, আলোচ্য ক্লিপটি ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত একটি প্রধান ইসলামি সমাবেশের। যা পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়েছিল।
২৬ মে ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাচ্ছে কারণ তারা জানে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গে তাদের সাথে কেমন ব্যবহার করা হবে।”
ভিডিওতে একটি ফ্লাইওভারের পাশ দিয়ে দীর্ঘ সারিতে বিপুল সংখ্যক মানুষকে হেঁটে যেতে দেখা যায়।
অনুরূপ দাবিতে ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সে ছড়ানো হয়।
রাজ্যে বিজেপির নতুন সরকারের কঠোর আইন প্রয়োগের কারণে পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে শত শত মানুষ জড়ো হওয়ার খবরেরর প্রেক্ষাপটে ভিডিওটি অনলাইনে ছড়ানো হয়(আর্কাইভ লিংক)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু-জাতীয়তাবাদী বিজেপি মে মাসের শুরুতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভ করে অবৈধ অভিবাসীদের “শনাক্ত, নির্মূল ও নির্বাসিত” করার প্রতিশ্রুতি দেয়। ভারতের ডানপন্থী দলগুলো দীর্ঘদিন ধরে যুক্তি আসছেন যে অবৈধ অভিবাসন দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সীমান্তবর্তী রাজ্যগুলোতে জনসংখ্যা পরিবর্তনের কারণ বলে সর্তক করে আসছেন।
পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশি ও রোহিঙ্গাসহ ‘আটককৃত বিদেশিদের’ জন্য ‘আটক কেন্দ্র’ স্থাপনের নির্দেশ দিয়েছে। এতে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির সাথে বন্ধন রয়েছে এমন পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে তিন কোটি মুসলমানের মধ্যে উদ্বেগ বেড়েছে (আর্কাইভ লিংক)।
কিন্তু অনলাইনে ছড়ানো ভিডিওটি বাংলাদেশ সীমান্তে ভিড় করা লোকজনের নয়।
ইসলামিক সমাবেশ
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় অনুরূপ একটি ফুটেজ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ইনস্টাগ্রামে প্রকাশিত হয়(আর্কাইভ লিংক)।
৫ জানুয়ারি ২০২৬ তারিখের পোস্টে বলা হয়, “পুইনান ইস্তেমা”। ভিডিওটির উপরে একটি লেখা জুড়ে দেয়া হয়, যার সরল অনুবাদ দাঁড়ায়, “হুগলি বিশ্ব ইজতেমা ২০২৬। হাইওয়ে ব্লক ১৫ কিলোমিটার।”
২০২৬ সালে ভারতের বিশ্ব ইজতেমা পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুইনানে অনুষ্ঠিত হয়েছিল।
ভিডিওটি একটি ধর্মীয় সমাবেশের সময় ধারণ করা হয়েছিল বলে ২ জুন এএফপিকে জানিয়েছেন এটির আপলোডকারী শেখ আলী।
তিনি আরও বলেন, এটি পুইনান থেকে প্রায় ৮ কিলোমিটার (৫ মাইল) দূরে একটি মহাসড়কের পাশে ধারণ করা হয়। ওই স্থানের গুগল স্ট্রিট ভিউর ছবির সাথে ক্লিপটির মিল পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
ভিডিওটি ভারতীয় সংবাদ পোর্টাল কেবিএন নিউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একই সময়ে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও শেয়ার করা হয়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
স্থানীয় গণমাধ্যম অনুযায়ী, সমাবেশে ভারতের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশ থেকে ভক্তরা সমবেত হয়েছিলেন। এর আগে ১৯৯২ সালে এই রাজ্যে শেষবার ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
এর আগেও পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে ছড়ানো অপতথ্য খণ্ডন করেছে এএফপি।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ