ইয়েমেনের পুরনো ভিডিওকে ভারতে মহিলা মাদ্রাসায় হামলার অসত্য দাবিতে প্রচার
- প্রকাশিত 31 মে 2026, 05:40
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতার খবর অনলাইনে অপতথ্য ছড়ানোর পেছনে একটি অনুঘটক হিসেবে কাজ করছে। যেমন সর্বশেষ হিন্দু চরমপন্থীরা ভারতে একটি মহিলা মাদ্রাসায় হামলা করেছে এমন অসত্য দাবিতে একটি ভিডিও ছড়ানো হয়েছে। তবে ভিডিওটি নির্বাচনের আগের এবং এটি ২০২৪ সালে ইয়েমেনে ধারণ করা হয়েছিল।
১০ মে ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “মহিলা মাদ্রাসার ভিতরে প্রবেশ করে হামলা।”
পোস্টে যুক্ত ১৪ সেকেন্ডের ভিডিওতে একটি দোতলা ভবনের সামনে কিছু মহিলা ও মেয়েদের আতঙ্কিত হয়ে দৌড়াতে এবং একজন লোককে ভিডিওটি বর্ণনা করতে দেখা যায়। লোকটি ভিডিওটিকে ভারতে একটি মহিলা মাদ্রাসার ওপর হিন্দুদের হামলার ঘটনার বলে দাবি করেন।
পোস্ট করার পর থেকে ক্লিপটি ৫৫,০০০ বারেরও বেশি শেয়ার করা হয়েছে।
ভারতের বিরোধী দল শাসিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। এরপর ভিডিওটি অনুরূপ দাবিতে ফেসবুকে ছড়াতে শুরু করে(আর্কাইভ লিংক)।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমর্থকদের মধ্যে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ঘনিষ্ঠ সহযোগীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
নির্বাচন-পরবর্তী এসব সহিংসতায় মুসলিম ও তাদের সম্পত্তির ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
কিন্তু সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওর সাথে সাম্প্রতিক সহিংসতার কোন সম্পর্ক নেই এবং এটি নির্বাচনের আগের।
ইয়েমেনের পুরনো ভিডিও
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানির অফিসিয়াল অ্যাকাউন্টে ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আরবি ভাষার একটি এক্স পোস্টে ভিডিওর দীর্ঘ সংস্করণ পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
পোস্টটিতে বলা হয়েছে, “ইরান-সমর্থিত সন্ত্রাসী হুথি মিলিশিয়ারা হামলা চালিয়ে সানা প্রদেশের হামদান জেলায় একটি বালিকা বিদ্যালয় বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।”
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান ব্যাহত করতে দলটি রাজধানী সানার উত্তরে হামদান জেলার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
স্কুলটির গুগল ম্যাপের ছবি সাথে অসত্যভাবে ছড়ানো ভিডিওতে দৃশ্যমান ভবনের মিল পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের সংকট আরও তীব্র রূপ ধারণ করেছে। এই সংকটের পেছনে জটিল রাজনৈতিক ও সামরিক কারণ রয়েছে(আর্কাইভ লিংক)।
এর আগেও পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে ছড়ানো অপতথ্য খণ্ডন করেছে এএফপি।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ