ভেনিসের পারফরম্যান্স আর্টের ভিডিওকে ভারতের মুসলিম-বিরোধী সহিংসতা হিসেবে অসত্যভাবে প্রচার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতার খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত নানা অসত্য তথ্য ছড়াচ্ছে। এর মধ্যে হিন্দু লোকজন কথিত এক মুসলিম ব্যক্তিকে নির্যাতন করছে বলে একটি ভিডিওকে বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে ছড়ানো হয়েছে। আদতে ভিডিওটি ভেনিসে অনুষ্ঠিত একটি পারফরম্যান্স আর্ট প্রদর্শনীর। যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 

১২ মে ২০২৬ তারিখের ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “ভারতের উগ্রবাদী হিন্দুরা এক মুসলমান ভাইকে ঘন্টার সাথে বেধে দেখেন কিভাবে ঝুলিয়ে রেখে বাজাচ্ছে।” 

পোস্টে যুক্ত ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে একদল দর্শককে একটি বিশাল ঘণ্টার সাথে উল্টোভাবে ঝুলন্ত এক ব্যক্তিকে ঘিরে থাকতে দেখা যায়। ভিডিওটি ৭০,০০০ বারেরও বেশি ভিউ হয়েছে।  

Image
এএফপির যোগ করা লাল ক্রস চিহ্নসহ অসত্য ফেসবুক পোস্টের স্ক্রিনশট

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ৪ মে বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি বিপুল ভোটে জয়ী হওয়ার পরে ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়ে(আর্কাইভ লিংক)। 

১০ কোটিরও বেশি জনসংখ্যা এবং উল্লেখযোগ্য মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত এই রাজ্যে হিন্দু জাতীয়তাবাদী দলটির এটিই ছিল প্রথম নির্বাচনী বিজয়।

ফলাফল ঘোষণার পর থেকে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান শুভেন্দু অধিকারীর এক ঘনিষ্ঠ সহযোগীও রয়েছেন(আর্কাইভ লিংক)। 

ভারতীয় সংবাদ ওয়েবসাইট মাকতুব মিডিয়ার রিপোর্ট অনুসারে, সহিংস এসব হামলায় মুসলমান ও তাদের ঘরবাড়িকে টার্গেট করা হয়েছে (আর্কাইভ লিংক)। 

ভোটকে কেন্দ্র করে অপতথ্যের যে জোয়ার দেখা গেছে, তার মধ্য থেকে কিছু খণ্ডন করেছে এএফপি। আলোচ্য ভিডিওটিকেও একই পদ্ধতিতে অসত্যভাবে ছড়ানো হয়েছে। 

অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এটি পর্তুগিজ সংবাদমাধ্যম ২৪হোরাএসপিটির ইনস্টাগ্রামে ১১ মে ২০২৬ তারিখে প্রকাশিত হয়(আর্কাইভ লিংক)।

ভিডিওর পর্তুগিজ ক্যাপশনে বলা হয়েছে, মর্যাদাপূর্ণ ভেনিস বিয়েনালে শিল্প উৎসব চলাকালীন অস্ট্রিয়ান শিল্পী ফ্লোরেন্টিনা হোলজিঙ্গার “সিওয়ার্ল্ড ভেনিস” প্রদর্শন করছেন। 

Image
অসত্যভাবে ছড়ানো ক্লিপ(বামে) এবং ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট

আরও কিওয়ার্ড অনুসন্ধানে পারফরম্যান্স আর্টটি সম্পর্কে একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। এই শিল্পকলার উদ্দেশ্য ছিল ইতালির ভেনিসের ওপর জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।

৫ মে ২০২৬ তারিখে ফটোগ্রাফার মার্কো বের্তোরেলোর তোলা অনুরূপ একটি ছবি প্রকাশ করেছে এএফপি।

এএফপি ফ্লোরেন্টিনা হোলজিঙ্গারের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Image
৫ মে ২০২৬ তারিখে ভেনিসে অনুষ্ঠিত ৬১তম ভেনিস আর্ট বিয়েনালের উদ্বোধনের পূর্ববর্তী প্রেস ভিউ চলাকালীন অস্ট্রিয়ান প্যাভিলিয়নে অস্ট্রিয়ান শিল্পী ও কোরিওগ্রাফার ফ্লোরেন্টিনা হোলজিঙ্গারের “সিওয়ার্ল্ড ভেনিস” প্রদর্শনীতে একজন নৃত্যশিল্পীর প্রদর্শনী। (AFP / MARCO BERTORELLO)

এএফপি পশ্চিমবঙ্গ নির্বাচন সংক্রান্ত অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে এখানে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ