বাংলাদেশের ঐতিহাসিক ভোটের আগে ইন্টারনেট বন্ধের অসত্য দাবি প্রচার
- প্রকাশিত 12 ফেব্রুয়ারি 2026, 10:41
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Rasheek MUJIB, AFP Bangladesh
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে ইন্টারনেট বন্ধের অসত্য দাবি ছড়ানো হয়েছে। তবে এএফপিতে কর্মরত সাংবাদিকরা এ ধরনের কোনও বিভ্রাটের খবর পাননি। এছাড়া অসত্য পোস্টে একটি পুরনো সংবাদ প্রতিবেদনকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।”
পোস্টে ১৮ সেকেন্ডের একটি সংবাদ বুলেটিনের ক্লিপ রয়েছে, যেখানে ইন্টারনেট পরিসেবা ২০ ঘন্টার জন্য আংশিকভাবে বন্ধ থাকবে বলে জানান উপস্থাপক।
১২ তারিখ ভোটের আগে একই দাবিতে পোস্টটি ফেসবুকে অন্যত্র ছড়িয়েছে।
কিন্তু ঢাকায় অবস্থিত এএফপির সাংবাদিকরা নির্বাচনের আগের দিন এবং ভোটের দিন বিকাল পর্যন্ত নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিসেবা নিশ্চিত করেছে।
এছাড়া অনলাইনে ছড়ানো দাবিটি “একেবারে মিথ্যা” বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক মোঃ রুহুল আমিন মল্লিক।
তিনি ১১ ফেব্রুয়ারি এএফপিকে বলেন, “নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়ে আমরা কখনও কিছু বলিনি।”
পুরনো প্রতিবেদন
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওটির দীর্ঘ সংস্করণ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ৩০ অক্টোবর ২০২৩ তারিখে প্রকাশিত হয় (আর্কাইভ লিংক)।
এক মিনিট ১৩ সেকেন্ডের সংবাদ প্রতিবেদনের শিরোনামে বলা হয়, “সাবমেরিন কেবল আপগ্রেডের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে।”
দেশের সাবমেরিন কেবলের আপগ্রেড কাজের কারণে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর নির্ধারিত এই বিঘ্ন ঘটবে বলে জানান সংবাদ উপস্থাপক।
তবে অসত্যভাবে ছড়ানো সংস্করণে তারিখগুলোসহ দীর্ঘ ক্লিপের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে।
ইংরেজি গণমাধ্যম দ্য ডেইলি স্টারও একই বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে(আর্কাইভ লিংক)।
এএফপি বাংলাদেশের নির্বাচন নিয়ে ছড়ানো অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ