পিএসজির জয় পরবর্তী বিশৃঙ্খলার ভিডিওকে সিউতায় অভিবাসীদের ঢল হিসেবে অসত্যভাবে প্রচার
- প্রকাশিত 12 আগস্ট 2026, 13:48
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Bill MCCARTHY, AFP যুক্তরাষ্ট্র
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB, AFP বাংলাদেশ
২০২৬ সালের জুলাইয়ের শেষের দিকে মরক্কো থেকে বিশাল অভিবাসীর ঢল স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউতাকে চরম বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেয়। তবে নতুন করে প্রবেশকারী অভিবাসীরা শহরের ময়লার পাত্র উল্টে, লাথি মেরে ছুড়ে ফেলছে দাবি করে সমাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি অপ্রাসঙ্গিক। ফুটেজটি মে মাসের এবং আদতে এটি ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সের তুলুজ শহরে ছড়িয়ে পড়া সহিংসতার।
১ আগস্ট ২০২৬ তারিখে ছড়ানো একটি ফেসবুক ভিডিওর উপর জুড়ে দেয়া ক্যাপশনে বলা হয়, “স্পেনে ঢুকে সব লন্ডভন্ড করছে মরোক্কানরা।”
১ হাজার ৮০০ বার শেয়ার হওয়া ভিডিওটিরে ক্যাপশনে বলা হয়, “শহরজুড়ে তাণ্ডব চালাচ্ছে কারা?”
ভিডিওটি একই দাবিতে ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়েছে। এমনকি স্প্যানিশ ভাষায়ও ভিডিওটিকে ছড়াতো দেখা যায়।
মরক্কোর হাজার হাজার মানুষ পায়ে হেঁটে কিংবা সাঁতর কেটে স্পেনের ছিটমহল সিউতায় দলে দলে প্রবেশের ফলে অভাবনীয় পরিস্থিতি সৃষ্টির পর ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় (আর্কাইভ লিংক এখানে, এখানে, এবং এখানে)।
এই বিপুল সংখ্যক মানুষের বিপজ্জনক অনুপ্রবেশ স্পেনকে এক আন্তর্জাতিক সংকটের মুখে ঠেলে দেয়। পরিস্থিতি সামাল দিতে দেশটি সেখানে বাড়তি সেনা মোতায়েন করেছে (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
তবে সিউতায় পৌঁছানো ৭২ হাজার অভিবাসীর মধ্যে ৭০ হাজারই মরক্কোতে ফিরে গেছে বলে ৪ আগস্ট জানিয়েছেন দেশটির কর্মকর্তারা (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
তবে রাস্তায় ছোটাছুটি ও আবর্জনার পাত্র উল্টে ফেলার ভিডিওটি এই ঘটনার সাথে সম্পর্কিত নয়; অসত্য পোস্টগুলোতে মূল ভিডিওটিকে উল্টে দেওয়া হয়েছে।
রিভার্স ইমেজ সার্চে একই মুহূর্তের আগের একটি ভিডিও ফুটেজ পাওয়া যায়, যা ৩১ মে ২০২৬ তারিখে বিভিন্ন পোস্টে শেয়ার করা হয়েছিল (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) পেনাল্টি শুটআউটে আর্সেনালকে পরাজিত করার পর ফ্রান্সের তুলুজে এই ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে (আর্কাইভ লিংক)।
তুলুজে সহিংসতার ঘটনা নিয়ে লেখা একটি প্রতিবেদনে এমন একটি পোস্টের উল্লেখ ছিল, যেখানে দেখা যায়, লোকজন ক্যাফের বাইরের বসার জায়গা তছনছ করছে, আবর্জনার বিন উল্টে ফেলছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে (আর্কাইভ লিংক)।
অনুরূপ বিশৃঙ্খলা প্যারিস ও ফ্রান্সের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে(আর্কাইভ লিংক)।
এএফপি রু দ্যু ফোরবাস্টার্ডের মোড়ের কাছে অবস্থিত তুলুজের রু দ'আলসাস-লোরেনের গুগল স্ট্রিট ভিউ ছবির সাথে প্রসাধনী কোম্পানি এনওয়াইএক্স-এর দোকানের সম্মুখভাগ এবং ফুটপাতের অন্যান্য অংশের মিল খুঁজে পেয়েছে।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত এনওয়াইএক্সের সাইটের গুগল ম্যাপের অন্যান্য ছবিতেও একই এলাকা দেখা যায়, যা ভিডিওটির অবস্থানকে আরও নিশ্চিত করে।
পিএসজির জয়ের পর ছড়িয়ে পড়া সহিংসাতার অন্যান্য ভিডিও এর আগেও একাধিকবার বিভ্রান্তিকর দাবিতে অনলাইনে ছড়ানো হয়েছে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৬। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ